প্রতিবাদে প্রকৌশলীর কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের লাইন মেরামতের জন্য বিদ্যুতের কর্মীরা ঘুষ দাবি করায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার কৃষ্ণপুর, সুজাপুর ও দাড়ারপাড় এলাকার বাসিন্দারা আবাসিক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ জানিয়েছেন। গতকাল সোমবার ওই ঘটনা ঘটে।
গতকাল দুপুর ১২টায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) আবাসিক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করেন গ্রামবাসী। পরে পুলিশের হস্তক্ষেপ এবং পিডিবির কর্মকর্তাদের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে গ্রামবাসী ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে নেন।
পিডিবি ফুলবাড়ী আবাসিক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করতে আসা গ্রামবাসী অভিযোগ করেন, গত ২৩ মে ঝড়ে বড় বড় গাছ ভেঙে বিদ্যুৎ সঞ্চালন লাইনের শত শত খুঁটি বিধ্বস্ত হয়। লাইন সংস্কারের কাজ শেষ না হওয়ায় ১০ দিন পরও বিদ্যুৎ সরবরাহ শুরু করা যায়নি। এরই মধ্যে বিদ্যুৎ লাইন মেরামত করতে আসা কর্মীরা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দাদের কাছে ঘুষ দাবি করছেন।
ফুলবাড়ী পৌরসভার বারকোনা গ্রামের মিজানুর রহমান বলেন, লাইন মেরামতের জন্য বিদ্যুৎ বিভাগের কর্মীরা গ্রামবাসীর কাছে ২০ হাজার টাকা দাবি করেছেন। সেই টাকা না দেওয়ায় এখন পর্যন্ত ওই এলাকার বিদ্যুৎ লাইন মেরামত কাজ শুরু করা হয়নি।
পৌরসভার মেয়র মুরতুজা সরকার মানিক বলেন, টাকা ছাড়া বিদ্যুৎ লাইন মেরামত করা হচ্ছে না বলে পৌরবাসী তাঁর কাছে বিদ্যুৎ কার্যালয়ের লাইনম্যান ও কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে তিনিও বিদ্যুৎ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।
পিডিবির ফুলবাড়ী শহরের আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের সহকারী প্রকৌশলী নূরুন্নবী সরকার বলেন, তাঁর কাছেও এ ধরনের অভিযোগ এসেছে। অভিযোগ তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।