প্রতিবাদে মানববন্ধন, গুদাম কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় দুই সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন হয়েছে। এদিকে সাতক্ষীরা খাদ্যগুদামের কর্মকর্তাকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় মানববন্ধন শুরু হয়। সাংবাদিকদের মানববন্ধন হলেও এতে স্বপ্রণোদিত হয়ে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীসহ নানা শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ। প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের তিন সাবেক সভাপতি আবু আহমেদ, সুভাষ চৌধুরী ও আনিছুর রহিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাংবাদিক অসিম বরন চক্রবর্তী, হাফিজুর রহমান, আবুল কাসেম প্রমুখ।
বক্তারা বলেন, খাদ্যগুদামের অনিয়ম ও দুর্নীতি নিয়ে বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশ করায় সাতক্ষীরায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি ও মানবজমিন-এর প্রতিনিধি ইয়ারব হোসেনকে যারা কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে, তাদের সঙ্গে গুপ্তহত্যাকারীদের মিল খুঁজে পাওয়া যায়। তাই দুই সাংবাদিকের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ১০ দিনের মধ্য দোষীদের আইনের আওতায় আনতে হবে। ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন বক্তারা।
এদিকে হুমকির ঘটনায় সাংবাদিক কল্যাণ ব্যানার্জি সাতক্ষীরা সদর থানায় গত মঙ্গলবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, পুলিশ পুরো বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছে। থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসেম শরিফ ইনামুল হক গত বুধবার সাতক্ষীরা খাদ্যগুদামে গিয়ে গুদাম কর্মকর্তা আশরাফুজ্জামানকে প্রায় দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছেন। আরও জিজ্ঞাসাবাদের জন্য আগামী রোববার তাঁকে থানায় আসতে বলা হয়েছে।
‘সরকারি খাদ্যগুদামে ধান দিচ্ছেন ব্যবসায়ী ও ফড়িয়ারা!’ শিরোনামে ২৩ জুন প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়। একই ধরনের একটি প্রতিবেদন মানবজমিন-এও প্রকাশিত হয়। এরপর গত মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবে কাফনের কাপড়, লাল কাপড়সহ একটি চিঠি পাঠিয়ে দুই সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়।