প্রতিবাদে মানববন্ধন, গ্রেপ্তার আরও ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল কলেজের অধ্যক্ষ গোলাম হাসান খানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দেওয়া হয়েছে।
গতকাল সোমবার দুপুরে জেলা কলেজশিক্ষক ফাউন্ডেশনের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। এতে জেলা সদরের চারটি বেসরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা অংশ নেন।
এদিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ওই ঘটনায় হওয়া মামলায় পুলিশ গতকাল পাপ্পু (১৯) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি জেলা শহরের মীরগঞ্জ এলাকায়। এ নিয়ে ছয়জনকে ধরা হলো। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা শহরের রঘুনাথ বাজার নিউমার্কেট মোড়ে মানববন্ধন হয়। এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফখরুল মজিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নাসরিন রহমান, জমশেদ আলী মেমোরিয়াল কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিনহাজ উদ্দিন ও অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজা, ডা. সেকান্দর আলী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, জেলা কলেজশিক্ষক ফাউন্ডেশনের সভাপতি তপন সারোয়ার, সাধারণ সম্পাদক শওকত হোসেন প্রমুখ।
গত বৃহস্পতিবার রাতে গোলাম হাসান শহরের চকবাজার এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মোটরসাইকেলে করে কসবা মোল্লাপাড়া এলাকার বাসায় ফিরছিলেন। শহরের মীরগঞ্জ এলাকায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাঁকে আহত করে। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন।
মানববন্ধনে মিনহাজ উদ্দিন বলেন, জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী নামধারী কতিপয় সন্ত্রাসী গোষ্ঠীর মদদে সন্ত্রাসীরা গোলাম হাসানের ওপর হামলা চালিয়েছে। তিনি আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
মানববন্ধন শেষে শিক্ষক-শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানেও তাঁরা মানববন্ধন করেন। পরে তাঁরা হামলার বিচার চেয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম জিয়াউল ইসলামের কাছে হস্তান্তর করেন। এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।