প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন ও রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযুদ্ধের স্মৃতিভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ চত্বরে গতকাল মঙ্গলবার এই কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় সম্মিলিত সাংবাদিক সমাজ আয়োজিত বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলাকালে বক্তব্য দেন ভৈরব প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জামান, সহসভাপতি এস এম বাকি বিল্লাহ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি তাজুল ইসলাম, বৈশাখী টিভির প্রতিনিধি আদিল উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, নানা দিক দিয়ে বাংলাদেশ এগিয়েছে। অর্থনৈতিক সমৃদ্ধি আসছে, কিন্তু সাংবাদিকতার পথ মসৃণ হচ্ছে না। বিশেষ করে মফস্বল সাংবাদিক ও সাংবাদিকতায় ঝুঁকি বাড়ছে। সংবাদ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক ও মাদকবিরোধী আন্দোলনে সোচ্চার কলেজ প্রতিষ্ঠাতার ওপর মাদক ব্যবসায়ীরা গত শনিবার যে হামলা চালিয়েছে, এ তারই খণ্ডচিত্র।

মানববন্ধন শেষে সাংবাদিকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা আহমেদের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর সাংবাদিকদের নিরাপত্তা চেয়ে স্মারকলিপি দেন। পরে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুখলেছুর রহমানের সঙ্গে এই বিষয়ে মতবিনিময় সভা করেন।

ওসি মুখলেছুর রহমান বলেন, এরই মধ্যে প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।