নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মুহম্মদ সামাদ উল্লাহ মজুমদারকে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল বুধবার ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন শিক্ষকেরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ চত্বরে প্রতিবাদ সমাবেশ করবেন তাঁরা।
কয়েক জন শিক্ষক অভিযোগ করেন, গত মঙ্গলবার বেলা সোয়া দুইটার দিকে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ হাসান ও তাঁর দুজন সহযোগী অধ্যক্ষের কক্ষে যান। তাঁরা অধ্যক্ষকে গালাগাল করেন।
ওই সময় সেখানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক জাহাঙ্গীর আলম, আনন্দ মোহন বিশ্বাস ও অনুপম কুমার নন্দী। তাঁরা বলেন, ‘ওই তিনজন অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং অশোভন আচরণ করেন। অধ্যক্ষকে এক দিনের মধ্যে কলেজ ছেড়ে যেতে বলেন। না হলে অবস্থা খারাপ হবে বলে হুমকি দেন।’
এ ঘটনার পর গতকাল শিক্ষকেরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেন। গতকাল দুপুরে কলেজের শিক্ষক পরিষদের (স্টাফ কাউন্সিল) জরুরি বৈঠক হয়। এতে বৃহস্পতিবার ক্লাস ও পরীক্ষা বর্জন এবং কলেজ চত্বরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া উপাধ্যক্ষ বরুণ কুমার বিশ্বাসকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উপাধ্যক্ষ বরুণ কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘ঘটনার কারণ ও প্রেক্ষাপট উল্লেখ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তবে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়নি। আমরা আগামীকালের (আজ বৃহস্পতিবার) মধ্যে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব।’
অধ্যক্ষ মুহম্মদ সামাদ উল্লাহ মজুমদার বলেন, ‘৩১ ডিসেম্বর রাতে বহিরাগতদের খোঁজে কলেজ হোস্টেলে পুলিশ তল্লাশি চালায়। তখন আমি চিকিৎসার জন্য ভারতে ছিলাম। গালিগালাজ করার সময়ে তারা (পলাশ ও তাঁর সহযোগীরা) হোস্টেলে কেন পুলিশ গেছে এ কথা বলেছে। এর আগে বিভিন্ন সময়ে তারা অন্যায় আবদার করেছে।’
কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ হাসান বলেন, ‘কলেজের বিভিন্ন যৌক্তিক দাবি নিয়ে অধ্যক্ষের কাছে গিয়েছিলাম। বিভিন্ন অনিয়মের কারণে তাঁর অপসারণ দাবি করেছি। গালিগালাজ করা হয়নি। কোনো অন্যায় আবদার জানানো হয়নি।’