ঝিনাইদহ শহরে গতকাল রোববার সকালে বর্ষ সমাপনী পরীক্ষা দিতে যাওয়ার পথে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ছুরিকাঘাত করেছে বখাটেরা। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা পরীক্ষা বন্ধ রেখে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
বখাটেদের হামলার শিকার ছাত্রীর নাম তামান্না ইসলাম (১৪)। সে ঝিনাইদহ শহরের ফজর আলী বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শহরের গোবিন্দপুর এলাকার নজরুল ইসলামের মেয়ে। গুরুতর অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী আবদুর রাজ্জাক জানান, সকাল সাড়ে নয়টার দিকে শহরের এইচ এস এস রোডে সাবেক সাংসদ শফিকুল ইসলামের বাড়ির সামনে বিদ্যালয়গামী দুটি মেয়ের পথ রোধ করে চার-পাঁচজন বখাটে। তারা একটি মেয়েকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে মেয়েটির বাবা সেখানে ছুটে যান।
নজরুল ইসলাম বলেন, গতকাল তাঁর মেয়ের শারীরিক শিক্ষা পরীক্ষা ছিল। পরীক্ষা দেওয়ার জন্য সে বাড়ি থেকে বের হয়। পথে বখাটেরা মেয়ের হাত ও ঊরুতে ছুরিকাঘাত করেছে। তিনি আরও বলেন, স্থানীয় কিছু বখাটে তাঁর মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করত। ইতিমধ্যে তিনি কয়েকটি ছেলেকে নিষেধও করেছেন। তাঁর ধারণা, ওই ছেলেরা কাউকে দিয়ে এ ঘটনা ঘটিয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুরাইয়া বেগম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। তাঁরা এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে পরীক্ষা বন্ধ করে শহরে বিক্ষোভ মিছিল করেছেন। পাশাপাশি শহরের পায়রা চত্বরে মানববন্ধন করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন আজাদ গতকাল বিকেলে জানান, ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে। তবে এখন পর্যন্ত থানায় অভিযোগ দেওয়া হয়নি।