প্রতিবাদে সড়ক অবরোধ দোকান ভাঙচুর, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট এলাকায় ছাত্রলীগের এক নেতাকে মারধরের জের ধরে গতকাল রোববার ছাত্রলীগের কর্মীরা সড়ক অবরোধ ও প্রতিপক্ষের দোকান ভাঙচুর করেছেন। এ ঘটনায় পুলিশ ছাত্রলীগের চার কর্মীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও ছাত্রলীগ সূত্র জানায়, গত শনিবার রাত আটটার দিকে ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুনুল হক পাটোয়ারী (২৭) ব্যক্তিগত কাজে আমজাদহাটে যান। সেখানে পূর্ববিরোধের জের ধরে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সদস্য হুমায়ুনের নেতৃত্বে কিছু ব্যক্তি মামুনকে পিটিয়ে অচেতন করে ফেলে চলে যায়। পরে ফুলগাজী থানার পুলিশ তাঁকে উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গতকাল রোববার তাঁকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মামুনুল হকের ওপর হামলার প্রতিবাদে গতকাল রোববার সকালে ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাগলনাইয়ার মনুরহাট এলাকায় প্রতিপক্ষের দোকানে ভাঙচুর চালান। তাঁরা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছাগলনাইয়া-পরশুরাম ক্যাপ্টেন লিক সড়ক অবরোধ করে রাখেন। পরে ছাগলনাইয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দেয়।
মামুনুল হকের ওপর হামলার অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে চেষ্টা করেও আওয়ামী লীগের নেতা হুমায়ুনকে পাওয়া যায়নি।
এদিকে দোকানে ভাঙচুরের ঘটনায় ছাগলনাইয়া থানার পুলিশ ছাত্রলীগের চার কর্মীকে গ্রেপ্তার করেছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, দোকান ভাঙচুরের ঘটনায় ছাগলনাইয়া থানায় মামলা হয়েছে। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।