রাজশাহীতে গৃহবধূ ওয়াহিদা সিফাত হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল সোমবার মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও রাজশাহী নগরে এসব কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি শেষে বিকেলে সিফাত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সিফাতের সহপাঠী মেহেরুল সুজনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক তানভীর আহমদ, সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, মুশতাক আহমেদ, বিভাগের সাবেক শিক্ষার্থী গোলাম রাব্বানী, মাহমুদ সোহেল, বর্তমান শিক্ষার্থী রমজান আলী, মাহবুব আলম, রাখি জেসমিন প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, স্বামী ও শ্বশুরবাড়ির নির্মম অত্যাচারের কারণেই অকালে চলে যেতে হয়েছে ওয়াহিদা সিফাতকে। তাঁর শ্বশুরবাড়ির লোকজন ক্ষমতাশালী হওয়ায় হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভাগের প্রাক্তন এই শিক্ষার্থীর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা করেন বক্তারা। মানববন্ধন শেষে একটি পদযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
একই দাবিতে বিকেল চারটায় রাজশাহী নগরের সাহবেবাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি সংহতি প্রকাশ করেন রাজশাহীর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির রাজশাহী বিভাগীয় প্রধান দিল সেতারা চুনি, রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি সৈয়দা মর্জিনা খাতুন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মশিহুর রহমান, মাহবুবুর রহমান প্রমুখ।
মানববন্ধন শেষে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
গত ২৯ মার্চ রাজশাহী নগরের মহিষবাথান এলাকায় শ্বশুরবাড়িতে মৃত্যু হয় ওয়াহিদা সিফাতের। শুরুতে শ্বশুরবাড়ির লোকজন এই মৃত্যুকে আত্মহত্যা বলে প্রচার করলেও ময়নাতদন্ত প্রতিবেদনে সিফাতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। ২ এপ্রিল সিফাতের পরিবারের পক্ষ থেকে নগরের রাজপাড়া থাকায় একটি হত্যা মামলা করা হয়। এ ঘটনার পর পুলিশের হাতে আটক সিফাতের স্বামী আসিফ হোসেন বর্তমানে পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন।