প্রতিবেশীকে ফাঁসাতে নিজ মেয়েকে মেরে ফেললেন বাবা!
জমিজমা নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধ। সেখান থেকে মারামারি। পরে সালিসে গুনতে হয় পাঁচ হাজার টাকা জরিমানা। আর এতেই চরম অপমানিত হন তিনি। প্রতিবেশীকে ঘায়েল করতে শেষ পর্যন্ত কিনা নিজ স্কুলপড়ুয়া মেয়েকেই গলাটিপে মেরে ফেললেন তিনি! সাজালেন ধর্ষণ আর খুনের নাটক।
এই নির্মমতার শিকার মেয়েটি হলো আদমদীঘি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রুমা আকতার (১৩)। বাবা আবদুল ওহাব (৪৫)। গত ৩১ আগস্ট রাতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় হত্যা করেন তিনি। খুনে সহযোগিতা করেন আরও পাঁচ স্বজন। ঘটনার পাঁচ দিনের মাথায় গতকাল শুক্রবার বিকেলে বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবুল কালাম আজাদের আদালতে আদরের কন্যাকে হত্যার চাঞ্চল্যকর এই স্বীকারোক্তি দেন বাবা।
অপমানের শোধ তুলতে মরিয়া হয়ে উঠেছিলেন আবদুল ওহাব। তাঁর এ ক্রোধে ঘি ঢালেন কয়েক স্বজন। তাঁদের নিয়ে ঠান্ডা মাথায় গলাটিপে হত্যার পর রুমার পোশাক খুলে তাকে ধর্ষণ ও খুন করা হয়েছে বলে নাটক সাজান। থানায় মামলা করেন প্রতিবেশীর বিরুদ্ধে। কিন্তু সত্য চাপা থাকেনি। বেরিয়ে এসেছে রুমা হত্যার আদ্যোপান্ত; অন্যকে ঘায়েল করার রোমহর্ষক কৌশল।
গতকাল আদালতে আবদুল ওহাব ছাড়াও মেয়ে রুমাকে হত্যায় অংশ নেওয়ার কথা জানিয়ে স্বীকারোক্তি দিয়েছেন ওহাবের সৎমা ফিরোজা বেগম, সৎভাই সাইফুল আকন্দ (২২) ও জুনায়েদ আকন্দ (৩০), চাচাতো ভাই রবিউল ইসলাম (২২) ও চাচাতো ভগ্নিপতি হাসান মণ্ডল। ওহাব, সৎমা ও ভাইদের বাড়ি জেলার আদমদীঘি উপজেলার সুদিন আকন্দপাড়া গ্রামে। ভগ্নিপতি হাসানের বাড়ি একই উপজেলার বিনসারা গ্রামে।
আদালতে স্বীকারোক্তি দেওয়ার আগে গতকাল আবদুল ওহাবসহ এই ছয়জনকেই বগুড়া পুলিশ সুপারের সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি করা হয়। সেখানে অকপটে ওহাব জানান, পেশায় তিনি রাজমিস্ত্রি। দীর্ঘদিন ধরে বসতবাড়ির সামান্য জায়গা নিয়ে প্রতিবেশী আবদুর রহমান, আহসানসহ অন্যদের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। সম্প্রতি প্রতিবেশীদের সঙ্গে তাঁর মারামারির ঘটনা ঘটে। পরে সালিস বসলে সেখানে তাঁকে দোষী সাব্যস্ত করে অর্থ জরিমানা করা হয়। এতে প্রচণ্ড অপমানিত হন তিনি। খোঁজা শুরু করেন প্রতিবেশীকে ঘায়েল করার কৌশল। চাচাতো ভাই রবিউল তাঁর সঙ্গে রাজমিস্ত্রির কাজ করেন। প্রতিবেশীকে ফাঁসাতে রুমাকে হত্যার পরিকল্পনা রবিউলই তাঁর মাথায় প্রথমে দেন। পরে পরিকল্পনায় যোগ দেন ওই পাঁচজন। পরিকল্পনা অনুযায়ী ৩১ আগস্ট রুমা ঘুমিয়ে পড়লে গভীর রাতে ছয়জন মিলে হত্যা করেন। তাঁকে ধর্ষণ ও খুন করা হয়েছে বলে চালিয়ে দেন। এরপর করেন হত্যা মামলা।
জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, মামলার পর বিষয়টি নিয়ে সন্দেহ হয়। পরে স্বজনদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে থলের বিড়াল বেরিয়ে আসে। আবদুল ওহাবসহ অন্যরা রুমাকে পরিকল্পিতভাবে হত্যার কথা স্বীকার করেন। আদালতেও তাঁরা একই রকম স্বীকারোক্তি দিয়েছেন।