প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে যুবক নিহত
কক্সবাজারের পেকুয়া উপজেলার পূর্ব গোয়াখালী গ্রামের টেকপাড়ায় দুর্বৃত্তদের হামলায় আবদুল খালেক (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
যে বাড়িতে এ ঘটনা ঘটে, সেই বাড়ির গৃহকর্তা মীর কাশেমের স্ত্রী ছেনুয়ারা বেগমের (৩২) ভাষ্য, গতকাল রাত আড়াইটার দিকে চার-পাঁচজন সশস্ত্র ব্যক্তি তাঁদের ঘরে ঢোকে। তারা তাঁর স্বামী মীর কাশেমের হাত-পা বেঁধে ফেলতে উদ্যত হয়। তখন ওই দুর্বৃত্তদের মধ্যে লালু ও জয়নাল নামের দুই ব্যক্তিকে চিনতে পেরে মীর কাশেম চিৎকার করেন। তাঁর চিৎকারে প্রতিবেশী আবদুল খালেক বের হয়ে এসে এক দুর্বৃত্তকে ধরে ফেলেন। তখন আরেক দুর্বৃত্ত খালেকের বুকে গুলি করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এরপর তারা কয়েকটি ফাঁকা গুলি করে পালিয়ে যায়।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম প্রথম আলোকে বলেন, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।