প্রতিবেশীদের সঙ্গে দ্বন্দ্ব, চাচাতো দুই ভাই খুন
কুমিল্লা নগরের ধনাইতরি এলাকায় গত শুক্রবার রাতে চাচাতো দুই ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। বাড়িতে প্রবেশের রাস্তা কাটা নিয়ে প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
নিহত ব্যক্তিরা হলেন সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের ধনাইতরি এলাকার আলেক হোসেনের ছেলে জামাল উদ্দিন (৫২) ও আমির হোসেনের ছেলে গিয়াস উদ্দিন (৩৫)। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
গতকাল দুপুরে এলাকার ২০ জন মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, বাড়িতে ঢোকার রাস্তা নিয়ে ওই এলাকার গিয়াসের সঙ্গে তাঁর প্রতিবেশী দুই ভাই তোতা মিয়া ও ফরিদউদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে মামলাও হয়েছে। ফরিদউদ্দিন গত রমজান মাসের একটি মারামারির ঘটনায় গিয়াস উদ্দিনের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় গিয়াস আগাম জামিন নেন।
নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা বলেন, গ্রাম্য সালিসের কথা বলে শুক্রবার রাত আটটায় ফরিদের লোকজন গিয়াস ও তাঁর চাচাতো ভাই জামালকে জামতলা চায়ের দোকানে নিয়ে যান। সেখানে আগেই তোতা মিয়া বহিরাগত লোকজন এনে জড়ো করে রাখেন। তাঁদের সঙ্গে এলাকার মো. মামুন, আলমগীর হোসেন, আবদুল মান্নান, বাবুল মিয়া ও আবুল বাসারও ছিলেন বলে তাঁরা অভিযোগ করেন।
ফরিদের লোকজন গিয়াসকে ওই জায়গার মালিকানা ছেড়ে দিতে বলেন। কিন্তু গিয়াস রাজি না হলে তাঁরা গিয়াস ও জামালকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন। এতে জামাল ঘটনাস্থলেই মারা যান। আর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান গিয়াস। গতকাল বিকেল চারটায় নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্ত শেষে এলাকায় নেওয়া হয়।
জামালের স্ত্রী ফাতেমা বেগম বলেন, ‘আমি খুনিদের ফাঁসি চাই।’ গিয়াসের মা আরতের নেছা বলেন, ‘আমার পুতের হত্যার বিচার চাই।’
তোতা মিয়া ও ফরিদ উদ্দিনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও বন্ধ পাওয়া যায়। তাঁদের বাড়িতে গিয়ে দেখা গেছে, বাড়ির ফটকে তালা দেওয়া। প্রতিবেশীরা বলেন, ঘটনার পর থেকে তাঁরা বাড়িছাড়া।
ওয়ার্ডের কাউন্সিলর সাখাওয়াত হোসেন চৌধুরী বলেন, রাস্তা নিয়ে বিরোধের জের ধরে বহিরাগত লোক ডেকে এনে এ হত্যাকাণ্ড ঘটানো হয়।
সদর দক্ষিণ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, এটা পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। গিয়াসের রাস্তা কাটা নিয়ে বিরোধ থেকে এ ঘটনা ঘটে। মামলা করার প্রস্তুতি চলছে। তবে ইতিমধ্যে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরার জন্য চেষ্টা করছে।