প্রতিবেশীর জানালায় তরুণের ঝুলন্ত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝুলন্ত লাশ। ছবিটি প্রতীকী
ঝুলন্ত লাশ। ছবিটি প্রতীকী

সিরাজগঞ্জ পৌর এলাকায় প্রতিবেশীর জানালার সঙ্গে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তরুণের পরিবারের দাবি প্রেমের সম্পর্কের জেরে তাঁকে হত্যা করা হয়েছে। এই ঘটনার মামলায় ওই বাড়ির মালিক ও তাঁর এক ছেলে-এক মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মারা যাওয়া ওই তরুণের নাম মাহমুদ হাসান মান্না (১৯)। আজ শুক্রবার বেলা ১১টার দিকে একডালা ধোপাবাড়ি মহল্লার সানোয়ার হোসেনের বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার হয়। তবে ওই পরিবারের দাবি তারা ওই তরুণের মৃত্যু সম্পর্কে কিছু জানে না। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

গ্রেপ্তার তিনজন হলেন, বাড়ির মালিক সানোয়ার হোসেন, তাঁর ছেলে মনোয়ার হোসেন ও মেয়ে শাওন ইসলাম ইভা। ইভা চলতি বছর মাধ্যমিক পাশ করেছেন। মান্না তাঁর সহপাঠী ছিলেন বলে জানা গেছে। তবে তিনি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। মান্না একই এলাকার ছবদের আলী ভূট্টোর ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, আজ সকালে ইভাদের ঘরের পেছনের জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মান্নার লাশটি দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেয় তারা।

নিহতের বড় ভাই মারুফ শেখের অভিযোগ, ‘মান্নার সঙ্গে পার্শ্ববর্তী সানোয়ার হোসেনের মেয়ে ইভার প্রায় ৩ বছর প্রেমের সম্পর্ক। এ নিয়ে ইভার পরিবার আমার ভাইকে একাধিকবার মারপিট করেছে। গতকাল (বৃহস্পতিবার) রাতে মোবাইল ফোনে মান্নাকে ডেকে নেয় ইভা।’ মারুফ শেখের দাবি, ডেকে নেওয়ার পর তাঁর ভাইকে হত্যা করে লাশ জানালার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

নিহতের বাবা ছবদের আলী ভূট্টো বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের সঠিক বিচার চাই।’

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, এটি হত্যা না আত্মহত্যা নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মারুফ শেখ সাতজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।