প্রতিবেশীর রান্নাঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুদিন ধরে ছেলে জাহাঙ্গীর ফোন দেন, কিন্তু মায়ের ফোন বন্ধ। তাই ঢাকা থেকে বাড়ি ছুটে আসেন তিনি। কিন্তু মা বাড়ি নেই। চলে চারদিকে খোঁজখবর। অবশেষে যখন মায়ের খোঁজ মিলল, ততক্ষণে তিনি লাশ। প্রতিবেশীর রান্নাঘরের মেঝে খুঁড়ে মেলে তাঁর নিষ্প্রাণ দেহ।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের পাঁচদোনা গ্রামে ঘটে এ ঘটনা ঘটে। পুলিশ হত্যার কাজে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করেছে।

পুলিশ জানান, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তিনজন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন একই গ্রামের মমতাজ বেগম (৪৫), নিহত আনোয়ারার মৃত চাচাতো ভাইয়ের ছেলে লাবু সিকদার (২০) ও লাবুর মামা হাবিবুর রহমান (২৫)। আটক করা তিনজন হলেন মমতাজের দুই ছেলে ইব্রাহিম মিয়া (২০) ও শাকিল মিয়া (১৮) এবং লাবুর মা রাশেদা বেগম (৪৫)।

পুলিশ ও এলাকার দুজনের সঙ্গে কথা বলে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে আনোয়ারার সঙ্গে তাঁর চাচাতো ভাই কবির মিয়ার পরিবারের সদস্যদের অনেক দিন ধরে বিরোধ চলে আসছিল। গত শনিবার সকালে আনোয়ারা পার্শ্ববর্তী বানাইল ইউনিয়নের ভাবখণ্ড বাজারে কেনাকাটা করতে যান। ফেরার পথে তিনি মমতাজদের বাড়ির পাশে ধানখেতের আইলে শাক তুলতে যান। এ সময় মমতাজকে দিয়ে বাবুল ও তাঁর ভাই লাবু শিকদার আনোয়ারাকে ডেকে তাঁদের (মমতাজ) বাড়িতে নেন। সেখানে বাবুল ও লাবু আনোয়ারার মুখে ওড়না পেঁচিয়ে সারা দিন মমতাজের ঘরে আটকে রাখেন। এ সময় এ ঘটনা কাউকে জানালে মমতাজকে মেরে ফেলা হবে বলে তাঁরা হুমকি দেন। রাত ১১টার দিকে লাবু, বাবুল ও তাঁদের মামা হাবিবুর মমতাজের বাড়িতে গিয়ে আনোয়ারাকে গলায় গামছা পেঁচিয়ে প্রথমে শ্বাসরোধে ও পরে হত্যা নিশ্চিত করতে চাপাতি দিয়ে কোপান। পরে তাঁর মরদেহ মমতাজের রান্নাঘরের মেঝেতে তাঁরা পুঁতে রাখেন।

জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, বাবা আবদুল মান্নান সিলেটে এবং তিনি ঢাকায় থাকেন। বাড়িতে আনোয়ারা একা থাকায় মায়ের সঙ্গে প্রতিদিনই কয়েকবার মুঠোফোনে কথা হতো। গত শনিবার ও গতকাল রোববার সারা দিন মায়ের সঙ্গে ফোনে কথা বলতে না পেরে তিনি গ্রামের বাড়িতে যান। অনেক খোঁজ করেও মাকে না পেয়ে তিনি গতকাল রোববার সন্ধ্যায় মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি করেন।

ওই জিডির ভিত্তিতে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মুন্সীর নেতৃত্বে পুলিশ রাতেই ঘটনাস্থলে যান। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মমতাজকে আটক করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মমতাজের রান্নাঘরের মেঝে খুঁড়ে আনোয়ারার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, এ ঘটনায় আজ সোমবার নিহত নারীর ছেলে জাহাঙ্গীর বাদী হয়ে থানায় মামলা করেছেন। লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাল মঙ্গলবার রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হবে। আটক হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হবে।