প্রতিবেশীর লাঠির আঘাতে নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সলঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর লাঠির আঘাতে আনোয়ারা বেগম (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। তিনি সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের দেওভোগ গ্রামের আবু তাহের সরকারের স্ত্রী।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল সকাল আটটার দিকে আনোয়ারা বেগমের নাতি আসিফ গ্রামের আবু সাঈদের গাছ থেকে কয়েকটি গাব পেড়ে বাড়ি ফিরছিল। পথে প্রতিবেশী আবুল খায়েরের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় আবুল খায়ের তাকে ডাক দেন এবং তার কাছ থেকে গাবগুলো কেড়ে রেখে দেন। আসিফ বাড়ি ফিরে এ ঘটনা আনোয়ারা বেগমকে জানালে তিনি ক্ষুব্ধ হন এবং নাতিকে সঙ্গে করে খায়েরের দোকানে যান। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে বাদানুবাদের একপর্যায়ে আবুল খায়ের লাঠি দিয়ে আনোয়ারার বুকে গুঁতো মারেন। এতে আনোয়ারা বেগম অজ্ঞান হয়ে পড়েন। পরে তাঁকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সলঙ্গা থানার ওসি রেজাউল ইসলাম জানান, নিহতের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।