প্রতিমন্ত্রী জুনাইদসহ ২১ ব্যক্তিকে হত্যার হুমকি দিয়ে চিঠি
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও নাটোরের তিন সাংসদসহ জেলার ২১ ব্যক্তিকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম-১১ নামের একটি জঙ্গি সংগঠন।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ডাকযোগে নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল সরকার বরাবর এই চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, আনসারুল্লাহ বাংলা টিম-১১ রাজশাহী বিভাগের নাটোরে প্রথম আঘাত হানবে। আর আঘাতের প্রথমেই যাঁদের নিশ্চিহ্ন করা হবে তাঁদের একটি প্রাথমিক তালিকা দেওয়া হলো। পরবর্তী সময়ে আরও একটি তালিকা দেওয়া হবে।
যাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে তাঁরা হলেন নাটোর-৪ আসনের সাংসদ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সদর আসনের সাংসদ শফিকুল ইসলাম, নাটোর-১ আসনের সাংসদ মো. আবুল কালাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোর্তুজা, সাংগঠনিক সম্পাদক মালেক শেখ, নাটোর জজকোর্টের পিপি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম, সাংসদ শফিকুল ইসলামের এপিএস আকরামুল ইসলাম, বাংলাদেশ মহিলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক ও সাংসদ আবদুল কুদ্দুসের মেয়ে কুহেলি কুদ্দুস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লাহ আল সাকিব, সাধারণ সম্পাদক শফিউল আযম, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম ফিরোজ, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, এইচ এম জাকির ও আজুর শেখ। এ ছাড়া পরিচয় ছাড়া আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয় চিঠিতে। তাঁরা হলেন আসাদ, ফেরদৌস, ভোলা ও বুলবুল।
নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল সরকার বলেন, গতকাল সকালে হলুদ খামে ডাকযোগে ওই চিঠিটি প্রেসক্লাবে আসে। বিষয়টি প্রাথমিকভাবে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
চিঠির বিষয়ে জুনাইদ আহমেদ পলক বলেন, জঙ্গি সংগঠনের হুমকি হালকাভাবে নেওয়ার কিছু নেই। আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে। আর সাংসদ মো. আবুল কালাম বলেন, ‘এ ধরনের কোনো চিঠি পাইনি। নিজেদের প্রচারের জন্য হয়তো জঙ্গি সংগঠন এ কাজ করে থাকতে পারে।’
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশি সাহাবুদ্দিন বলেন, আতঙ্ক ছড়ানোর জন্য কোনো মহল এই চিঠি পাঠিয়েছে। তারপরও বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।