প্রতিমন্ত্রী-সাংসদের কাছে চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার দুজন কারাগারে
ভুয়া পরিচয় দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে প্রতিমন্ত্রী, সাংসদ ও আওয়ামী লীগের নেতাদের কাছে চাঁদা দাবি করার মামলায় গ্রেপ্তার দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা হলেন মোহাম্মদ আলী ও তাঁর বোন নাহিদ সুলতানা।
মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সফিউল্লাহ খান প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে মোহাম্মদ আলী মোবাইল ফোনে প্রতিমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে ভুয়া পরিচয় দিয়ে চাঁদা আদায়ের কথা স্বীকার করেছেন।
গত শনিবার দুজনকে এক দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে অনুমতি দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।
গত শুক্রবার ঢাকার গোপীবাগ এলাকার ভাড়া বাসা থেকে মোহাম্মদ আলী ও নাহিদ সুলতানাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। সেদিনই আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে এই দুজনের নামে চাঁদাবাজির মামলা করেন। মামলায় তিনি বলেন, জনৈক চাঁদাবাজ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের নাম ব্যবহার করে মোবাইল ফোনের (আটটি নম্বর) মাধ্যমে চাঁদা চান। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, সাংসদ নিজাম হাজারী, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হাফিজ জোয়ারদারসহ অনেকের কাছে চাঁদা দাবি করেন তাঁরা।
এজাহারে বলা হয়, ২৬ জুলাই দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেকের কাছে তাঁর মন্ত্রণালয়ের ঝামেলা মেটানোর জন্য প্রাথমিকভাবে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে আরও টাকা দিতে হবে জানিয়ে দুটি বিকাশ নম্বর দেন। সেই নম্বরে ২০ হাজার টাকা দেওয়া হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক টেলিফোনে প্রথম আলোকে বলেন, ভুয়া পরিচয় দিয়ে তাঁর কাছে চাঁদা দাবি করা হয়েছে।
বাদী আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, সংঘবদ্ধ চক্র ভুয়া পরিচয় দিয়ে চাঁদাবাজি করার বিষয়টি জানাজানি হওয়ার পর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপসহ অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়টি জানান। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ টেলিফোনে প্রথম আলোকে বলেন, তাঁর নাম ব্যবহার করে চাঁদা দাবি করার বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।
আদালতকে পুলিশ জানিয়েছে, মোহাম্মদ আলী, তাঁর বোন নাহিদ সুলতানা আবদুস সোবহান গোলাপসহ সরকারি কর্মকর্তাদের নাম ব্যবহার করে বিভিন্ন কৌশলে অনেকের কাছ থেকে কয়েক লাখ টাকা চাঁদা আদায় করেছেন।
কুমিল্লার চৌদ্দগ্রামের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী। তিনি বোন সুলতানাকে নিয়ে ভাড়া থাকেন গোপীবাগের আর কে মিশন রোডে। বাড়িওয়ালা আবু তাহের প্রথম আলোকে বলেন, মোহাম্মদ আলী যে এমন বড়মাপের চাঁদাবাজ তা তিনি জানতেন না। নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে এক বছর আগে তিনি বাসা ভাড়া নেন। তাঁর বোন সুলতানা একটি স্কুলে শিক্ষকতা করেন বলে তিনি শুনেছেন।
তদন্ত কর্মকর্তা সফিউল্লাহ খান প্রথম আলোকে বলেন, মোহাম্মদ আলী চাঁদাবাজি করে আসছেন অনেক দিন আগে থেকেই।
মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, কয়েক দিন আগে মোবাইল ফোনে একজন নিজেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা পরিচয়ে তাঁকে ফোন দেন। কণ্ঠস্বর শুনেই বুঝে ফেলেন, যে নেতার নাম বলা হচ্ছে, আসলে তিনি নন। ভুয়া পরিচয় বুঝতে পেরে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসকে বিষয়টি জানান।