প্রতিমন্ত্রীর এপিএস পরিচয়ে ছাত্রদের চুল কাটলেন!
ফরিদপুরে ভাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কথিত প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) পরিচয়ে ঢুকে তিন শতাধিক ছাত্রের চুল কেটে দিয়েছেন এক ব্যক্তি। বাস্তবে ওই মন্ত্রণালয়ে কোনো প্রতিমন্ত্রী নেই, ওই নামে এপিএসও নেই।
ওই ব্যক্তির নাম এ বি এম শেখ বাপী এলাহী। তাঁর বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বলে জানান তিনি। গত বুধবার দুপুর ১২টা ৪০ মিনিট থেকে বেলা ২টা পর্যন্ত তিনি ওই ঘটনা ঘটান। এতে শিক্ষার্থী ও অভিভাবকেরা ক্ষুব্ধ হন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণব কুমার ঘোষ গতকাল বৃহস্পতিবার বলেন, ‘উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রহমান ঘটনাটি তদন্ত করেছেন। ওই ব্যক্তি ভুয়া পরিচয় দিয়ে এ ঘটনা ঘটান। ভবিষ্যতে আর কোথাও যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য সব বিদ্যালয়ে চিঠি দিয়েছি। ওই ব্যক্তিকেও ডেকে পাঠিয়েছি। তাঁর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’
ভাঙ্গা উপজেলা শহরের পশ্চিম হাসামদিয়া মহল্লায় ১৮৮৬ সালে ভাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয়টি স্থাপিত হয়। এখন শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪ হাজার। বিদ্যালয়টিতে সকালের পালায় ছাত্রীদের ও দুপুরের পালায় ছাত্রদের ক্লাস নেওয়া হয়।
বিদ্যালয়টির শিক্ষার্থীরা বলে, বুধবার দুপুরের পালায় প্রথম ক্লাস শেষ হওয়ার পর নবম শ্রেণির বিজ্ঞান শাখার কক্ষে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে দেন এ বি এম শেখ বাপী এলাহী। এরপর সঙ্গে আনা একজন নরসুন্দরের সহযোগিতায় কাঁচি দিয়ে তিনি শিক্ষার্থীদের চুল কাটা শুরু করেন।
কয়েকজন ছাত্র বলে, ওই ব্যক্তি তাদের মাথার সামনের দিকের চুল মুষ্টিবদ্ধ করে ধরে কাঁচি দিয়ে এক পোঁচে তা কেটে, কাটা চুল হাতে ধরিয়ে দেন। এভাবে বেলা ২টা পর্যন্ত সপ্তম থেকে দশম শ্রেণির প্রায় তিন শতাধিক ছাত্রের চুল কেটে দেওয়া হয়। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা বেলা সোয়া ২টায় বিরতির সময় ক্লাস বর্জন করে বের হয়ে যায়। পরে তারা সেলুনে গিয়ে চুল ঠিকমতো কেটে নেয়।
নবম শ্রেণির বিজ্ঞান শাখার শিক্ষক আরিফুলইসলাম বলেন, ‘আমি ক্লাস থেকে বের হওয়ার পর এ ঘটনা ঘটে। যখন নবম বিজ্ঞান শ্রেণির শিক্ষার্থীদের চুল কাটা হচ্ছিল আমি তখন অন্য শ্রেণির ক্লাস নিচ্ছিলাম।’
নাম প্রকাশ না করার শর্তে চারজন অভিভাবক বলেন, চুল বড় মনে হলে শিক্ষকেরা ছাত্রদের তাদের বলতে পারতেন। কথা না শুনলে অভিভাবকদের জানাতে পারতেন। কিন্তু তা না করে স্কুলের সঙ্গে সম্পর্কিত নন এমন এক ব্যক্তির নেতৃত্বে এ কাজটি কীভাবে করা হলো?
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ হায়দার হোসেন বলেন, ‘তিন-চার মাস আগে ওই ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। তিনি বিদ্যালয়ে কয়েকটি কম্পিউটার দিতে চেয়েছিলেন। বুধবার তিনি ছাত্রদের চুল কেটে দেন। আমি তাঁকে আপত্তির কথা জানিয়েছি। তবে জানতাম না তিনি এপিএস নন।’
নিজেকে শেখ ইকবাল নামের কথিতএকজনপ্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর এপিএস পরিচয় দিয়ে গতকালও এ বি এম শেখ বাপী এলাহী প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়টির একজন শুভানুধ্যায়ী হিসেবে আমি কাজটি করেছি। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আমার পরিচয় দেখেন।’
মন্ত্রণালয়টির ওয়েবসাইটে খুঁজে কোনো প্রতিমন্ত্রী ও ওই নামে কোনো এপিএসের নাম পাওয়া যায়নি।
প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলামের এপিএস ইয়াসির আদনান মুঠোফোনে বলেন, এই মন্ত্রণালয়ে কোনো প্রতিমন্ত্রী নেই। শেখ বাপী এলাহী নামে কোনো এপিএসও নেই। শেখ ইকবাল ওতিনিপ্রতারক চক্রের সদস্য হতে পারেন।