প্রতিমন্ত্রীর এপিএসের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার এপিএস সৌমেন্দ্র লাল চন্দ শৈলেনের স্ত্রী শান্তা চন্দের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার কমিশন এ অভিযোগপত্র অনুমোদন করে বলে জানিয়েছে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
অভিযোগপত্রে শান্তা চন্দের বিরুদ্ধে ১ কোটি ৩৮ লাখ ২৭ হাজার ২২০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এর আগে গত বছরের ২২ ফেব্রুয়ারি এ অভিযোগে রাজধানীর রমনা থানায় তাঁর বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক কে এম মিছবাহ উদ্দিন। পরে তিনিই মামলার তদন্ত করেন।
দীর্ঘ তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়ার সুপারিশ করে কমিশনে প্রতিবেদন জমা দিলে কমিশন তা মঞ্জুর করে। শিগগিরই বিচারিক আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে বলে দুদক সূত্র জানিয়েছে।
শান্তার স্বামী শৈলেনের বিরুদ্ধেও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অভিযোগপত্র দিয়েছে দুদক। গত বছরের শুরুর দিকে দেওয়া ওই অভিযোগপত্রে শৈলেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ, দুর্নীতির মাধ্যমে ১ কোটি ১১ লাখ ৮৫ হাজার ৬৩৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।