খুলনার ডুমুরিয়া উপজেলায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের বাড়িতে এক স্কুলশিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।
ওই শিক্ষকের নাম শেখ আনিচুর রহমান। এ ঘটনায় তিনি স্থানীয় শোভনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্যের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আনিচুর রহমান উপজেলার খর্ণিয়া ইউনিয়নের রানাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গত এপ্রিলে তিনি ওই বিদ্যালয়ে বদলি হয়ে আসেন। এর আগে তিনি একই উপজেলার পূর্ব শোভনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
জানতে চাইলে আনিচুর রহমান প্রথম আলোকে বলেন, পূর্ব শোভনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতিসহ তিনি গতকাল সকালে প্রতিমন্ত্রীর বাসায় যান। ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য সেখানে আগে থেকেই বসে ছিলেন। তাঁকে দেখে চেয়ারম্যান ক্ষুব্ধ হন এবং প্রতিমন্ত্রীর সামনেই গালাগাল করেন। পরে প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে দুজনে শান্ত হন। কিছুক্ষণ পর প্রতিমন্ত্রী বাসা থেকে বেরিয়ে যান। তখন ইউপি চেয়ারম্যান আবারও তাঁকে গালাগাল করেন। একপর্যায়ে কিলঘুষি মারেন।
আনিচুর রহমানের অভিযোগ, সাত-আট মাস আগে শোভনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকালে ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচন করা নিয়ে তাঁর সঙ্গে চেয়ারম্যানের দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর জেরেই তাঁকে কিলঘুষি মারা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ৪ নম্বর খর্ণিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য বলেন, শিক্ষক আনিচুরের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। এ নিয়ে দুজনের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁর দিকে তেড়ে এলে তিনি ধাক্কা দিয়ে আনিচুরকে সরিয়ে দেন। কিলঘুষি মারার অভিযোগ সত্য নয়।
উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মফিজুল হক সরদার বলেন, ‘আমরা এ ঘটনার নিন্দা জানাই। সমিতির সদস্যদের নিয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
মুঠোফোনে জানতে চাইলে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘তর্কাতর্কি করে ওই শিক্ষকের গায়ে হাত তোলা হয়েছে বলে শুনেছি। আমি ওই শিক্ষককে আইনানুগ ব্যবস্থা নিতে বলেছি।’
ডুমুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুল খালেক বলেন, ‘শোভনা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আমরা তদন্ত করে দেখছি। অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’