প্রতিমন্ত্রীর ভাইয়ের ছিনতাই হওয়া পাসপোর্ট উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই ও পরিবারের সদস্যদের ছিনতাই হওয়া পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে নগরের বাকলিয়ার তক্তারপুল এলাকায় ছিনতাইকারীদের একটি আস্তানা থেকে পাসপোর্ট তিনটি উদ্ধার করা হয়।

উদ্ধার–অভিযানের সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পাসপোর্টগুলো ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ছোট ভাই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালক আসিফুজ্জামান চৌধুরী, তাঁর স্ত্রী তানজিনা জামান চৌধুরী ও মেয়ে আরজান জামান চৌধুরীর নামে।

গতকাল ভোরে কোতোয়ালি থানার কাছে পাথরঘাটা সতীশ বাবু লেন থেকে পাসপোর্টসহ একটি ব্যাগ ছিনতাই করে ছিনতাইকারীরা। এ সময় পাসপোর্টের বাহক প্রতিমন্ত্রীর ব্যবসা প্রতিষ্ঠানের কর্মী আইয়ুব আনসারীকে ছুরিকাঘাত করা হয়। তাঁর কাছ থেকে নগদ ২ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

পাসপোর্ট ছিনতাইয়ের ঘটনায় দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। পরে তক্তারপুল থেকে সেগুলো উদ্ধার করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমদাদ হোসেন প্রথম আলোকে বলেন, বিভিন্ন স্থানে অভিযানের কারণে পাসপোর্টগুলো একটি আস্তানায় ফেলে ছিনতাইকারীরা পালিয়ে গেছে। যে আস্তানা থেকে এগুলো উদ্ধার করা হয়, সেখানে কাউকে পাওয়া যায়নি। তবে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পাসপোর্টগুলো প্রতিমন্ত্রীর ভাইকে ফিরিয়ে দেওয়া হয়েছে জানিয়ে ইমদাদ হোসেন বলেন, আজ রোববার তাঁদের সিঙ্গাপুর যাওয়ার কথা। তাই জব্দ তালিকা করার পর পাসপোর্টগুলো তাঁদের ফেরত দেওয়া হয়।