প্রতিমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে দুদকের মামলার আসামি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গত সোমবার সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবিরোধী এক মতবিনিময় সভা হয়েছে। সভায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৪ মামলার আসামি উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ বিশেষ অতিথির বক্তব্য দেন। তিনি লালমনিরহাট-২ আসনের সাংসদ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ভাই।
সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নাসির উদ্দিন। বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার শহীদ সোহরাওয়ার্দী, থানার ওসি সাজ্জাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও শাহীনুর আলম।
তবে দুদকের ওই সব মামলার অপর আসামি কালীগঞ্জের সাবেক পিআইও নভেন্দু নারায়ণ চৌধুরীকে গত ১৪ জুন রংপুর শহর থেকে গ্রেপ্তার করা হয়। নভেন্দু বর্তমানে লালমনিরহাট জেলা কারাগারে রয়েছেন। অথচ ওই একই মামলায় মাহবুবুজ্জামানকে গ্রেপ্তার না করায় অনেকে নানা সমালোচনা করছেন।