প্রতিমা ভাঙচুরের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনারচর ছনখোলা সর্বজনীন দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. জসীমউদ্দীন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার প্রত্যক্ষদর্শী দাবি করে তিন ব্যক্তি অভিযোগ করেন, দুপুরে তাঁরা মন্দিরে পূজার আয়োজন করছিলেন। এ সময় সদর ইউনিয়নের পোনা গ্রামের জসীমউদ্দীন তাঁর চার-পাঁচ সহযোগীকে নিয়ে অতর্কিতে মন্দিরে প্রবেশ করেন। তাঁরা ‘এখানে পূজা করা যাবে না’ বলে হুমকি দিয়ে মন্দিরের দুর্গা প্রতিমার একটি হাত, গণেশ ও অসুরের মাথা এবং গণেশের বাহন ইঁদুর ভেঙে ফেলেন। পরে মন্দির কমিটির সভাপতি নিবাস চন্দ্র বিশ্বাস বিষয়টি কাশিয়ানী থানাকে জানালে পুলিশ জসীমউদ্দীনকে বিকেলে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে।

নিবাস চন্দ্র বিশ্বাস বলেন, ‘প্রতিমা ভাঙার ঘটনায় আমি বাদী হয়ে কাশিয়ানী থানায় আজ সন্ধ্যায় জসীমউদ্দীন ছাড়াও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছি।’

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।