প্রতিমা ভাঙচুরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার ভাতগাঁও গ্রামের শ্রীশ্রী রসিক রায় জিও মন্দিরে রোববার দিবাগত রাতে দুষ্কৃতকারীরা মন্দিরের দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ জন্য সনাতন মতাদর্শ এবং আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) পন্থীরা পরস্পরকে দোষারোপ করছে।

তবে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বলেন, এটা নাশকতার কোনো ঘটনা নয়। প্রতিমাগুলো বাতাস বা অন্য কোনো কারণে নিজ থেকেই পড়ে গেছে। এতে সামান্য ক্ষতি হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে করে দেওয়া পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি শচীন বর্মণ বলেন, বাতাসে বা এমনিতেই প্রতিমাগুলো পড়ে যাওয়ার কথা নয়। ধারণা করা হয়, এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করার জন্য প্রতিমাগুলো ফেলে দিয়েছে। এতে প্রতিমাগুলোর কিছু ক্ষতিও হয়েছে।

মন্দিরে প্রতিমা তৈরির কাজ করছেন সদর উপজেলার বরুনাগাঁও গ্রামের প্রতিমাশিল্পী আনন্দ মোহন। তিনি দাবি করেন, ‘বাতাসে কেন, প্রচণ্ড ঝড়েও প্রতিমার কাঠামো উপড়ে পড়ার কোনো সুযোগ নেই। আমরা এসব বিবেচনা করেই প্রতিমার কাঠামো তৈরি করি। উপড়ে পড়ার আশঙ্কা থেকে রশি দিয়ে প্রতিমার কাঠামো খুঁটির সঙ্গে বেঁধে দেওয়া হয়। এটা অবশ্যই কোনো মানুষের কাজ।’

মন্দির কমিটির সনাতন মতাদর্শের সভাপতি ভবেশ রায় জানান, গতকাল সোমবার সকালে এলাকার লোকজন মন্দিরে গিয়ে দেখতে পান প্রতিমাগুলো মাটিতে উপুড় হয়ে পড়ে আছে। তিনি দাবি করেন, শুক্রবার পূজা পরিচালনার জন্য ঠাকুরগাঁও পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অরুণাংশু দত্ত দুপক্ষের সঙ্গে আলোচনা করেন। সেই সময় তিনি ইসকনের আচরণে অসন্তোষ দেখান। এতে ক্ষিপ্ত হয়ে ইসকন সদস্যরা মন্দিরের প্রতিমা ভাঙচুর করতে পারেন।

এ বিষয়ে মন্দির কমিটির ইসকনপন্থীদের সভাপতি সুপেন রায় বলেন, ‘কে বা কারা মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে তা নির্দিষ্ট করে বলতে পারছি না। তবে প্রতিমাগুলো দেখার পর এটা বলতে পারি, সেগুলো নিজে থেকেই পড়ে যায়নি। কোনো মানুষ এ ঘটনা ঘটিয়েছে। প্রতিমা ভাঙচুরের পেছনে ইসকনপন্থীরা রয়েছে বলে যে কথা ছড়ানো হচ্ছে তা ঠিক নয়।’

ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের এই জিউ মন্দিরটি পরিচালনার জন্য ৮১ একর দেবোত্তর সম্পত্তি রয়েছে। ২০০৯ সালে ইসকন এই মন্দির পরিচালনার দায়িত্ব নেয়। সেই থেকে গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। ওই বছরের ১৮ সেপ্টেম্বর দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সনাতন ধর্মাবলম্বী ফুলবাবু নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনার পর প্রশাসন মন্দিরের কর্তৃত্ব গ্রহণ করে। সেই থেকে প্রশাসনের নজরদারিতে পূজা উদ্‌যাপিত হচ্ছে।