প্রতিমা ভাঙচুরের অভিযোগে তরুণ গ্রেপ্তার
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুরের অভিযোগে গত শনিবার মোস্তাকিম বাবু (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার হাবড়া ইউনিয়নের ভবানীপুর বাজারের মোরসালিন রহমানের ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও হাবড়া ইউনিয়নের পিরোজপুর রায়পাড়া গ্রামে মনসা পুজোর আয়োজন করা হয়। পুজাকে ঘিরে ওই এলাকায় একটি মেলাও বসে। ভবানীপুর বাজার এলাকার মোস্তাকিম বাবুসহ ৮ থেকে ১০ জন যুবক গত শনিবার রাত সাড়ে আটটার দিকে মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করে। এ ঘটনায় মন্দিরের সেবায়েত রামলাল রায় থানায় একটি মামলা করেছেন।
রামলাল রায়ের ছেলে রমনী কান্ত রায় বলেন, হামলাকারীরা গত শুক্রবার পুজো কমিটির কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না পেয়ে তারা পূজামণ্ডপে হামলা চালায়।
খবর পেয়ে দিনাজপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান চক্রবর্তী, পার্বতীপুর উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি সচীন্দ্রনাথ শাহা, সহসভাপতি কৈলাস প্রসাদ, মানবাধিকার সংস্থা এইচআরসিবিএসের দিনাজপুর চ্যাপ্টার সম্পাদক উত্তম কুমার প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের একজনকে শনিবার রাতেই গ্রেপ্তার করা হয়। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।