প্রতিমার মাথা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
বাগেরহাটে একটি পূজামণ্ডপে দুর্গা ও সরস্বতী প্রতিমার মাথা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা। অন্য একটি মূর্তির হাত ভেঙে রেখে যায়। গতকাল রোববার রাতে সদর উপজেলার চুলকাঠি বণিকপাড়া সর্বজনীন দুর্গা মণ্ডপে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
ওই মন্দির কমিটির সভাপতি দিপঙ্কর সাধু বলেন, ‘টিনশেড মণ্ডপটির চারপাশ খোলা। আজ সোমবার ভোরে স্থানীয় লোকজন মণ্ডপে পূজা করতে এসে দেবী দুর্গা ও দেবী সরস্বতী প্রতিমার মাথা দেখতে না পেয়ে আমাকে জানান। আমি মণ্ডপে এসে ঘটনা দেখে পুলিশকে খবর দিই।’
মণ্ডপের এক পাশে রাখা অপর একটি মূর্তিরও হাত ভেঙে ফেলা হয়েছে বলে জানান দিপঙ্কর। তিনি এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খান বলেন, খবর পেয়ে আজ সোমবার সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ধারণা করছে, স্থানীয় কোনো দুর্বৃত্ত গতকাল রাতের কোনো এক সময়ে এ অপকর্ম করেছে।