প্রতিশোধ নিতে শিশুহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের বশিপুর গ্রামে গত ২৯ জুলাই ঈদের দিন ঈদগাহ থেকে অপহৃত শিশু মাদ্রাসাছাত্র মেঘদাদ হোসেনের (৭) লাশ উদ্ধার করা হয়েছে।
অপহরণের ঘটনায় গ্রেপ্তার আশিক মণ্ডলের (২০) দেওয়া তথ্য অনুযায়ী, গত সোমবার দিবাগত রাতে সান্তাহার শহরের একটি পরিত্যক্ত কাপড়ের কারখানার মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে আশিক জানান, মেঘদাদের বাবা রাশেদুল
ইসলাম তাঁকে প্রেমে বাধা দেওয়ায় তিনি এর প্রতিশোধ নিতে মেঘদাদকে হত্যা করেছেন।
এ ঘটনায় পুলিশ গতকাল মঙ্গলবার সকালে আশিকের মা তারা বিবি, বড় ভাই তারেক হোসেন, ছোট ভাই রাজা এবং তারেকের স্ত্রী পারুল বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এর আগে সোমবার আশিকের বন্ধু একই এলাকার মুক্তার হোসেনকে আটক করা হয়।
এদিকে গতকাল সকালে মেঘদাদের লাশ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকার বিক্ষুব্ধ জনতা আশিক এবং তাঁর বন্ধু মুক্তার হোসেনের বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং তাঁর নানা ও বোনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
পুলিশ জানায়, অপহরণের পর ঈদের দিন দুপুর ১২টার দিকে আশিক পরিচয় গোপন করে একটি মুঠোফোন নম্বর থেকে ফোন করে মেঘদাদের বাবার কাছে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে ২ আগস্ট মেঘদাদের বাবা রাশেদুল ইসলাম আদমদীঘি থানায় একটি অপহরণ মামলা করেন। গত রোববার মুঠোফোনের সূত্র ধরে আশিককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দীন জানান, আশিক ছয় বছর মেঘদাদদের বাড়িতে কাজ করেছিলেন। সে সময় তিনি মেঘদাদদের প্রতিবেশী এক মেয়েকে প্রেমের প্রস্তাব দেন। এতে সাড়া না পেয়ে তিনি মেয়েটিকে উত্ত্যক্ত করা শুরু করেন। ঘটনা জানার পর রাশেদুল ইসলাম কয়েক দফা আশিককে শাসিয়ে দেন। কিন্তু তিনি মেয়েটিকে উত্ত্যক্ত করা বন্ধ করেননি। তাই ছয় মাস আগে আশিককে বাড়ি থেকে তাড়িয়ে দেন রাশেদুল।
এ ঘটনায় অপমানিত আশিক প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। অবশেষে ঈদুল ফিতরের নামাজ শেষে বশিপুর ঈদগাহ মাঠ থেকে মেঘদাদকে অপহরণ করেন এবং ওই দিন রাতেই তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখেন।