প্রতিশোধ নিতেই শিশু আজিমকে গলা কেটে হত্যা
চট্টগ্রামে বাসায় ঢুকে শিশু আজিম হোসেনকে (১১) গলা কেটে হত্যা করার কথা স্বীকার করেছে আসামি রনি আক্তার। আজ বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলমের আদালতে জবানবন্দি দেন এ নারী। তাঁকে চোর বলায় প্রতিশোধ নিতেই এ খুন করেন বলে উল্লেখ করেন তিনি।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, জবানবন্দিতে আসামি রনি আক্তার স্বীকার করেন, ঘটনার ১০ দিন আগে আজিমদের বাসা থেকে একটি মুঠোফোন চুরি করেন তিনি। পাঁচ দিন পর ধরা পড়লে মুঠোফোনটি আজিমের পরিবারকে ফেরত দেন এবং স্থানীয় সালিসে তিন হাজার টাকা জরিমানা দেন। এ ঘটনার পর থেকে শিশু আজিমসহ তার পরিবারের সদস্যরা তাঁকে (রনি আক্তারকে) চোর বলতে থাকেন। এতে তিনি অপমানিতবোধ করেন। আর সেই অপমানের প্রতিশোধ নিতেই আজিমকে খুনের পরিকল্পনা করেন। গত মঙ্গলবার আজিমের মা-বাবা ঘর থেকে বেরিয়ে গেলে ঘরে ঢুকে আজিমকে বালিশ চাপা দেন তিনি। শিশুটি জ্ঞান হারিয়ে ফেললে ওড়না ও প্যান্ট দিয়ে তার হাত-পা বেঁধে ফেলেন এবং ঘরে থাকা বটি দিয়ে গলা কেটে তাকে হত্যা করেন। ঘটনার সময় চিৎকার করলে রনি আক্তার তার মুখ চেপে ধরেন। পরে নিজের ঘরে চলে আসেন তিনি।
জবানবন্দি নেওয়ার পর আদালত রনি আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরের বায়েজীদ বোস্তামী থানার বাংলাবাজারের দিদার কলোনিতে আজিম হোসেনকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার সময় তার মা-বাবা কেউ বাসায় ছিলেন না। পরে বিকেলে পুলিশ প্রতিবেশী রনি আক্তারকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নিহতের বাবা আজাদ হোসেন বাদী হয়ে বায়েজীদ বোস্তামী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত আজিম হোসেন শেরশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা আজাদ হোসেন তরকারি বিক্রি করেন। মা বিবি আমেনা পোশাকশ্রমিক। তাঁদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে।