রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নে অবস্থিত ড. কাজী মোতাহার হোসেন কলেজের প্রতিষ্ঠাতার নাম মুছে ফেলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে কলেজের প্রতিষ্ঠাতা শাহাবুদ্দিন আহমদ বাদী হয়ে পাংশা সহকারী জজ আদালতে মামলা করেছেন।
মামলায় কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম এ মাজেদ, অধ্যক্ষ, গভর্নিং বডির সদস্যসচিব আবদুল আজিজসহ ১৪ জনকে আসামি করা হয়েছে। এর আগে এ বিষয়ে সভাপতি ও অধ্যক্ষ বরাবর লিগ্যাল নোটিশ ও পাংশা থানায় লিখিত অভিযোগ করা হয়।
গত সোমবার সরেজমিনে কলেজের ভবনে প্রতিষ্ঠাতা হিসেবে শাহাবুদ্দিন আহমদ ও ভবন উদ্বোধক হিসেবে বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য মোহাম্মদ আবু হেনার নামফলক দেখা যায়। কলেজের হায়ার সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট ভবনের সামনে নতুন একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপনকারী হিসেবে মোহাম্মদ আবু হেনার নাম দেওয়া থাকলেও প্রতিষ্ঠাতার নাম দেওয়া নেই। কলেজের কারিগরি ভবনের সামনে শাহাবুদ্দিন আহমদের নামসংবলিত ভিত্তিফলকটি ফেলে দিয়ে নতুন একটি ফলক স্থাপন করা হয়েছে।
কলেজে কর্মরত রাজমিস্ত্রি সোহেল প্রামাণিক বলেন, ‘৩০ জুন থেকে কলেজে কাজ করছি। ওই দিন একটি পুরোনো ভিত্তিপ্রস্তর সরিয়ে সেখানে একটি নতুন ভিত্তিপ্রস্তর ফলক স্থাপন করা হয়েছে। কলেজের মূল ভবনের সামনেও একটি নতুন ভিত্তিফলক স্থাপন করা হয়েছে।’
শাহাবুদ্দিন আহমদ অভিযোগ করেন, আবু হেনাকে খুশি করার জন্য অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতি এই অপকর্ম করেছেন। কলেজ প্রতিষ্ঠার সময় তিনি (আবু হেনা) ম্যালিনায় রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। এ কারণে কলেজ প্রতিষ্ঠার সময় তাঁর অবদান রাখার সুযোগ নেই।
এ বিষয়ে গভর্নিং বডির সভাপতি এম এ মাজেদ বলেন, কলেজটি প্রতিষ্ঠায় শাহাবুদ্দিন আহমদের অবদান আছে। কিন্তু তিনি কৌশলে রেজ্যুলেশন খাতায় প্রতিষ্ঠাতা হিসেবে তাঁর নাম লিখিয়ে নিয়েছিলেন।