প্রতীক বরাদ্দের আগে ফেসবুকে প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্বাচনী পোস্টারের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী।
ওই প্রার্থীর নাম আবুল কালাম মৃধা। তিনি মদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান। ফেসবুকে তাঁর নিজের নামে (আবুল কালাম মৃধা) ৫ মে দিবাগত রাতে একটি রঙিন পোস্টার শেয়ার করা হয়। এ পোস্টারের বাঁ পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবি এবং অন্য পাশে চেয়ারম্যান প্রার্থীর ছবি রয়েছে। এতে লেখা, আসন্ন ৭ নম্বর মদাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবুল কালাম মৃধাকে চেয়ারম্যান পদে ভোট দিয়ে পুনরায় সেবা করার সুযোগ দিন। পরদিন বিকেলে আরেকটি রঙিন পোস্টার পোস্ট করা হয়। এ পোস্টারের ওপরের বাঁ পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডান পাশে স্থানীয় সাংসদ মো. জিল্লুল হাকিমের ছবি রয়েছে। নিচে বড় করে প্রার্থীর ছবি দেওয়া হয়েছে। এতে লেখা রয়েছে, নৌকা মার্কায় ভোট দিন।
জানতে চাইলে আবুল কালাম মৃধা বলেন, ‘আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে। তবে আমি সেটি চালাতে পারি না। আমার ছোট ভাই ফেসবুকের বিষয়ে দেখাশোনা করে। তার সঙ্গে কথা বলে আপনাকে জানাব।’ পরে মুঠোফোনে ফোন করলে তিনি বলেন, ‘আমার ভাই আপনার সঙ্গে যোগাযোগ করবে।’ কিন্তু ফেসবুকে পোস্টার আপলোডের বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান।
কালুখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল আলম বলেন, মদাপুরে আবুল কালাম মৃধা আওয়ামী লীগের একক প্রার্থী হলেও তাঁকে এখনো প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। এ কারণে তিনি প্রচারণা চালালে ভুল করেছেন। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ না দিলে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না।
জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম বলেন, ‘প্রতীক পাওয়ার আগে কোনো মাধ্যমেই প্রচারণা চালানোর সুযোগ নেই। আবুল কালাম মৃধার ফেসবুকে প্রচারণা চালানোর বিষয়টি আমাদের জানা ছিল না। আমরা এ বিষয়ে পদক্ষেপ নেব।’
নবগঠিত কালুখালী উপজেলার সাত ইউপিতে পঞ্চম ধাপে ২৮ মে ভোট হবে।