প্রত্যাশিত নম্বর না পেয়ে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের দুটি পরীক্ষাগারের যন্ত্রপাতি ও শিক্ষকদের কক্ষের আসবাব ভাঙচুর করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষায় প্রত্যাশিত নম্বর না পেয়ে গতকাল মঙ্গলবার ওই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা এ ভাঙচুর চালান।
বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এমএম কলেজের শিক্ষক ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে বিভাগে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম চলছিল। এ সময় তৃতীয় বর্ষের এক দল শিক্ষার্থী ব্যবহারিক পরীক্ষায় কম নম্বর দেওয়ার অভিযোগ তুলে শিক্ষকদের সঙ্গে বাগ্বিতণ্ডা করেন। একপর্যায়ে ওই শিক্ষার্থীরা বিভাগের দুটি পরীক্ষাগারের যন্ত্রপাতি ও সরঞ্জাম, শ্রেণিকক্ষের অন্তত ২০টি জানালার কাচ, চেয়ার-টেবিল এবং শিক্ষকদের বসার কক্ষের দুটি টেবিল, কয়েকটি টেবিলের ওপরের কাচ, সবার চেয়ার, বিভাগের বারান্দায় রাখা অন্তত ৫০টি ফুলের টব ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে তাঁরা চলে যান। ওই হামলার সময় প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরে বেলা একটার দিকে আবার এ কার্যক্রম শুরু হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিষয়ের তৃতীয় বর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলে দেখা গেছে, শিক্ষার্থীরা জিপিএ-৪-এর মধ্যে ৩ দশমিক ৫০ থেকে ৮৬ পর্যন্ত পেয়েছেন। কিন্তু তাঁদেরকে ব্যবহারিক পরীক্ষায় কলেজ থেকে অনেক কম নম্বর দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, সারা বছর শিক্ষকেরা ব্যবহারিক বিষয়ে কোনো কিছু শেখান না। পরীক্ষার আগে সাত দিনের মতো পাঠদান করা হয়। অথচ রুটিনে মাসে ১২টি ব্যবহারিক পাঠদানের কথা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সদ্য তৃতীয় বর্ষে ওঠা কয়েকজন শিক্ষার্থী জানান, ফেব্রুয়ারি মাসে নির্বাচনী পরীক্ষা হওয়ার কথা। ইতিমধ্যে ছয়-সাত মাস পেরিয়ে গেছে। এখনো ব্যবহারিক বিষয়ের পাঠদান হয়নি। যে কারণে ব্যবহারিকের ফলাফলের জন্য শিক্ষকদের ওপরই তাঁদের নির্ভর করতে হয়।
অভিযোগ অস্বীকার করে পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান আবদুর রহমান জানান, বিভাগে মোট ১২টি ব্যাচ রয়েছে। সারা বছরই কোনো না কোনো ব্যাচের পরীক্ষা চলে। কোনো ব্যাচের পরীক্ষা চললে পরীক্ষাগার ব্যস্ত থাকে। স্বাভাবিকভাবে তখন আর অন্য ব্যাচের ব্যবহারিক পাঠদান চলে না। অতিরিক্ত একটি পরীক্ষাগারের জন্য কলেজের অধ্যক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।
কলেজের অধ্যক্ষের দায়িত্বে থাকা উপাধ্যক্ষ শফিউল ইসলাম সরদার প্রথম আলোকে জানান, বিষয়টি তদন্তের জন্য কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক ইসরারুল হককে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন হাতে আসার পরে ব্যবস্থা নেওয়া হবে।