রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় থেকে গতকাল মঙ্গলবার দুপুরে একদল দুর্বৃত্ত দরপত্র ছিনতাই করেছে। তেজগাঁও থানায় এ ঘটনায় মামলা হয়েছে।
দরপত্র ছিনতাইয়ের ঘটনায় পরে কারওয়ান বাজার থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরা হলো আলামিন, আবদুল আহাদ ও মাসুম বিল্লাহ।
প্রথম আলো কার্যালয়ের ব্যবহৃত কিছু পুরোনো মালামাল বিক্রির জন্য ১২ আগস্ট সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়া হয়। গতকাল ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। কারওয়ান বাজারে প্রথম আলো ভবনের নিচতলায় দরপত্র বাক্স রাখা ছিল। বেলা একটার কিছু পরে ১০-১২ জন হঠাৎ এসে দরপত্র বাক্স ভেঙে ফেলে। কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা বাক্সের ভেতরে জমা পড়া দরপত্রগুলো ছিনিয়ে নিয়ে যায়। এ সময় নিরাপত্তাকর্মীরা বাধা দিলে যুবকেরা তাঁদের ধাক্কা দিয়ে চলে যায়।
পরে বিষয়টি জানানো হলে তেজগাঁও থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তারা সিসি ক্যামেরা থেকে ভিডিও ফুটেজ নিয়ে যায়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভিডিও ফুটেজ দেখে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।