প্রথম আলোর আলোকচিত্রীর ওপর ছাত্রলীগের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেশাগত দায়িত্ব পালনের সময় চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে প্রথম আলোর আলোকচিত্রী জুয়েল শীলের ওপর হামলা চালিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবি: প্রথম আলো
পেশাগত দায়িত্ব পালনের সময় চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে প্রথম আলোর আলোকচিত্রী জুয়েল শীলের ওপর হামলা চালিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবি: প্রথম আলো

পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর আলোকচিত্রী জুয়েল শীলের ওপর হামলা চালিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে নগরের প্রবর্তক মোড়ে ছাত্রলীগের মিছিল থেকে এক মোটরসাইকেল আরোহীকে মারধরের ছবি তুলতে গেলে তাঁকে লাঞ্ছিত করা হয়।
গত সোমবার রাতে পূর্ব নাসিরাবাদে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের তিন নেতা-কর্মী আহত হওয়ার ঘটনার প্রতিবাদে মিছিলটি বের করা হয়। কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদের নেতা-কর্মীরা এই মিছিলে ছিলেন।
আলোকচিত্রী জুয়েল শীলের ভাষ্য, বেলা সোয়া দুইটার দিকে মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রলীগ মিছিল বের করে। মিছিলকারীরা প্রবর্তক মোড়ে অবরোধ সৃষ্টি করে যান চলাচলে বাধা দেন। এ সময় সেখানে একটি অ্যাম্বুলেন্স আটকা পড়ে। অ্যাম্বুলেন্সটিকে যাওয়ার জন্য একপর্যায়ে পথ তৈরি করে দেওয়া হয়। অ্যাম্বুলেন্সটির পেছন পেছন একটি মোটরসাইকেল যেতে চাইলে আরোহীকে মারধর করতে থাকেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মোটরসাইকেল আরোহীকে মারধরের চিত্রটি ক্যামেরায় ধারণ করার পর কলেজ ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলামের নেতৃত্বে নেতা-কর্মীরা গিয়ে জুয়েলকে মারধর শুরু করেন। এ সময় কলেজছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) নাবিদ আনজুম তানভিরও ছিলেন। তাঁরা তাঁর ক্যামেরাটি ছিনিয়ে নিয়ে ছবিগুলো মুছে দেন। এরপরও জুয়েলকে আটকে রেখে সাত-আটজন মিলে কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি তাঁকে কান ধরে ওঠবস করান। এরপর প্রায় ২০ মিনিট আটকে রেখে তাঁকে ছেড়ে দেন তাঁরা।

পেশাগত দায়িত্ব পালনের সময় চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে প্রথম আলোর আলোকচিত্রী জুয়েল শীলের ওপর হামলা চালিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবি: প্রথম আলো
পেশাগত দায়িত্ব পালনের সময় চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে প্রথম আলোর আলোকচিত্রী জুয়েল শীলের ওপর হামলা চালিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবি: প্রথম আলো

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভিপি নাবিদ আনজুম তানভির বলেন, ‘সে (জুয়েল) একটা ভুল করেছে। তাই তাঁকে আটকে রাখা হয়েছিল। ছবি মুছে দেওয়া হয়েছে। তাঁকে সেভাবে মারা হয়নি।’
ঘটনাটি তাৎক্ষণিকভাবে অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরকে জানানো হয়। তিনি মুঠোফোনে বলেন, ‘ছেলেগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আপনারা আইনগত ব্যবস্থা নিন।’
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মুজিবুল হক খান বলেন, ‘আপনারা (প্রথম আলো) আইনি ব্যবস্থা নিন। আমরা কিছু বলব না। এটা নিন্দনীয়। আর বিষয়টি আমি নাছির ভাইয়ের (চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন) সঙ্গে আলাপ করব।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগ আ জ ম নাছির নিয়ন্ত্রিত।

এ ঘটনায় প্রথম আলোর পক্ষ থেকে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে), প্রেসক্লাব, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পৃথক বিবৃতিতে জুয়েলের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে। এ ব্যাপারে সাংবাদিক নেতারা আজ রাত আটটায় প্রেসক্লাবে বৈঠক ডেকেছেন।