প্রথম আলোর আলোকচিত্রীর ওপর ছাত্রলীগের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোকচিত্র সাংবাদিক জুয়েল শীলের ওপর হামলায় নেতৃত্ব দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম l ছবি: প্রথম আলো
আলোকচিত্র সাংবাদিক জুয়েল শীলের ওপর হামলায় নেতৃত্ব দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম l ছবি: প্রথম আলো

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিক জুয়েল শীল। মারধরের একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর সঙ্গে চরম অবমাননাকর আচরণ করেন। এমনকি মুঠোফোনে অবমাননাকর ওই ঘটনার ছবি এবং ভিডিও ধারণ করেন।
গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে ছাত্রলীগের মিছিল থেকে এক মোটরসাইকেল আরোহীকে মারধর করার ছবি তুলতে গেলে জুয়েল শীলের ওপর ওই হামলা হয়। মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলামের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।
আলোকচিত্র সাংবাদিক জুয়েল শীলের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। পৃথক বিবৃতিতে তিনটি সংগঠনের নেতারা হামলায় জড়িত দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করেন।
গত সোমবার রাতে নগরের পূর্ব নাসিরাবাদে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নেতা আহত হওয়ার প্রতিবাদে ওই মিছিল বের করা হয়।
জুয়েল শীল বলেন, বেলা সোয়া দুইটার দিকে মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রলীগ মিছিল বের করে। মিছিলকারীরা প্রবর্তক মোড়ে অবরোধ সৃষ্টি করে যান চলাচলে বাধা দেয়। এ সময় একটি অ্যাম্বুলেন্সকে যাওয়ার জন্য পথ তৈরি করে দেন তাঁরা। অ্যাম্বুলেন্সের পেছনে একটি মোটরসাইকেলও যাওয়ার চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ নেতা-কর্মীরা মোটরসাইকেল আরোহীকে মারধর করতে থাকেন। এ ঘটনা ক্যামেরায় ধারণ করার পর ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলামের নেতৃত্বে নেতা-কর্মীরা তাঁকে মারধর শুরু করেন। সাত-আটজন মিলে তাঁকে কিল-ঘুষি এবং লাথি মারতে থাকেন। পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করেন তাঁরা। মারধরের একপর্যায়ে তাঁর সঙ্গে চরম অবমাননাকর আচরণ করেন তাঁরা।
জুয়েল শীল বলেন, মারধরের একপর্যায়ে তাঁর ক্যামেরাও ছিনিয়ে নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মোটরসাইকেল আরোহীকে মারধর করার ছবি মুছে ফেলা হয়। প্রায় ২০ মিনিট তাঁকে সেখানে আটকে রেখে মারধর করার পর ছাত্রলীগের নেতারা হুমকি দেন, এ ঘটনা সম্পর্কে কাউকে কিছু বললে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর অবমাননাকর ছবি ছেড়ে দেওয়া হবে।
অভিযোগের বিষয়ে মেডিকেল কলেজ ছাত্র সংসদের ভিপি নাবিদ আনজুম বলেন, ‘সে (জুয়েল) একটা ভুল করেছে, তাই তাকে আটকে রাখা হয়েছিল। ছবি মুছে দেওয়া হয়েছে। তাকে সেভাবে মারা হয়নি।’
আলোকচিত্রী জুয়েল শীলকে মারধরের ঘটনা তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরকে জানানো হয়। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ছেলেগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আপনারা আইনগত ব্যবস্থা নিন।’
পরে রাতে নগরের পাঁচলাইশ মডেল থানায় হামলার ঘটনায় জুয়েল শীল সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলার বিষয়ে জানতে চাইলে গতকাল বিকেলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি মুজিবুল হক খান বলেন, ‘আপনারা (প্রথম আলো) আইনি ব্যবস্থা নিন। আমরা কিছু বলব না। এটা নিন্দনীয়। আর বিষয়টি আমি নাছির ভাইয়ের (সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন) সঙ্গে আলাপ করব।’
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস; চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী এবং চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দিদারুল আলম ও সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ পৃথক বিবৃতিতে বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের হামলা নিন্দনীয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে এই ঘটনায় জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারের দাবি জানাই।’