প্রথম আলোর প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এ হামলা চালানো হয়। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিক ইমরান হোসেন জানান, শহরের রেলগেট এলাকায় রাজবাড়ী প্রেসক্লাবের বিপরীত পাশে একটি ভবনের দ্বিতীয় তলায় এজাজ ব্যক্তিগত কার্যালয়ে বসে দৈনন্দিন কাজ করছিলেন। গতকাল রাত আনুমানিক সোয়া আটটার দিকে আকস্মিক তিন যুবক ওই কার্যালয়ে ঢুকে এজাজকে মারধর শুরু করেন।
তিনি (ইমরান) তখন ওই কার্যালয়ে বসে ছিলেন। হামলাকারীদের মধ্যে শহরের বেড়াডাঙ্গা এলাকার মিঠু নামের একজনের নাম পাওয়া গেছে। বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি। এ সময় সন্ত্রাসীরা এজাজের বড় ভাই আবদুস সালামকে
শহরের বাগমারা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন থেকে সরে যেতে বলেন। নির্বাচন থেকে সরে না দাঁড়ালে এজাজসহ পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকি দেয় সন্ত্রাসীরা।
ওই ঘটনার পর সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে স্থানীয় সাংবাদিক ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা এজাজকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করান।
এজাজ আহম্মেদ বলেন, ‘সন্ত্রাসীরা মুখমণ্ডলসহ শরীরে বিভিন্ন জায়গায় কিলঘুষি মেরে আমাকে আহত করে।’
খবর পেয়ে রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আবদুল মতিন, যুগান্তর-এর রাজবাড়ী প্রতিনিধি আবু মুসা বিশ্বাসসহ অনেকে হাসপাতালে ছুটে যান।
খোন্দকার আবদুল মতিন বলেন, ‘পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে এজাজের বড় ভাই নির্বাচন করছেন। তাঁর প্রতিপক্ষের কেউ তাঁকে নির্বাচন থেকে সরিয়ে দিতে এ হামলা চালিয়ে থাকতে পারে। তবে হামলার সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন, অবিলম্বে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, ‘ঘটনাটি সম্পর্কে কিছুটা জেনেছি। বিস্তারিত খোঁজখবর নিয়ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’