প্রথম আলোর ফটোসাংবাদিকের বাড়িতে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিক হাসান রাজার বাড়িতে গত বুধবার রাতে চুরি হয়েছে। চোরেরা তাঁর ক্যামেরাসহ নগদ টাকা, স্বর্ণালংকারসহ বেশ কিছু মূল্যবান জিনিস নিয়ে গেছে।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
হাসান রাজা রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ কাজলার চান মিয়া সড়ক এলাকায় বাস করেন। বুধবার নিয়মিত কাজ শেষে রাতে তিনি বাসায় যান। এরপর সকালে উঠে দেখেন তাঁর নিচতলার বাসার জিনিসপত্র এলোমেলো ও রান্নাঘরের গ্রিল বাঁকানো। বাসায় রাখা প্রথম আলো থেকে দেওয়া ব্যাগসহ ক্যামেরা, বাসায় থাকা ৩৫ হাজার টাকা, দুটি মুঠোফোন, কিছু স্বর্ণালংকার, হাতব্যাগ ও পোশাক চুরি হয়েছে। ক্যামেরার ব্যাগের ভেতরে একটি ক্যানন ক্যামেরা, দুটি লেন্স, ফ্ল্যাশ, প্রতিষ্ঠানের পরিচয়পত্রসহ বেশ কিছু জিনিস ছিল। সকালে বাসার পেছনে ব্যাগের ভেতরে থাকা পরিচয়পত্রসহ কিছু কাগজপত্র পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর প্রথম আলোকে বলেন, পুলিশ তদন্ত করছে। চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে।