প্রথম আলোর সাংবাদিককে সমাবেশ থেকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ পৌর যুবলীগের সমাবেশ থেকে প্রথম আলোর স্থানীয় প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তাঁকে রাস্তায় প্রকাশ্যে হত্যা করা হবে বলে এক বক্তা হুঁশিয়ারি দেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ সমাবেশ হয়।
মানব পাচার, ইয়াবা চোরাচালান ও রোহিঙ্গা বৈধকরণ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘তিন তালিকাতেই সাংসদ বদি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এর প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে টেকনাফ পৌর যুবলীগের ব্যানারে এ সভা হয়।
প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা টেকনাফের শীর্ষ ৭৯ মানব পাচারকারীর তালিকায় সাংসদ বদির নাম আছে ১ নম্বরে। গত বছরের সেপ্টেম্বর মাসে এ তালিকাটি করা হয়। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা ইয়াবা চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের তালিকায়ও সাংসদ বদিকে মাদকের মূল পৃষ্ঠপোষক বলা হয়।
পৌর যুবলীগের সভাপতি মঞ্জুরুল করিমের সভাপতিত্বে সভায় শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভায় প্রথম আলো পত্রিকার কয়েকটি কপি পোড়ানো হয়। সভা শেষে কিছু নেতা-কর্মী প্রথম আলোর বিরুদ্ধে মিছিল করেন।
তবে এ সভা আওয়ামী লীগের সিদ্ধান্তে হয়নি এবং এটি দলের সভা নয় বলে জানান টেকনাফের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি মোহাম্মদ আলী।
সভায় টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নুরুল ইসলাম ওরফে কালু প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিনকে প্রকাশ্যে রাস্তায় হত্যা করার হুমকি দেন। হত্যার বিষয়ে একমত থাকলে হাত তুলে তাঁকে সমর্থন দেওয়ারও আহ্বান জানান। তিনি বলেন, ‘যেখানে পাই সেখানেই গিয়াসকে হত্যা করা হবে।’
সভায় মোহাম্মদ আলীকে উদ্দেশ করে টেকনাফ অওয়ামী লীগের সাবেক সভাপতি জাফর আলম চৌধুরী বলেন, ‘পত্রিকায় ষড়যন্ত্র করে নয়, মনোনয়ন পাইতে চাইলে জনতার কাতারে এসে কাজ করুন।’ তিনি অভিযোগ করেন, বদির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পত্রিকার মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন মোহাম্মদ আলী।
টেকনাফ আওয়ামী লীগের সহসভাপতি জহির হোসেন, সদস্য হামজালাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহির আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরওয়ার আলম ও মোস্তাক আহমদ সভায় উপস্থিত ছিলেন।
সভার বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘সাংসদ বদির বিরুদ্ধে প্রথম আলো অনুসন্ধানী প্রতিবেদন করেছে। এর সঙ্গে আমার কোনো যোগসূত্র নেই। প্রতিবাদ সভায় যাঁরা ছিলেন, তাঁরা সাংসদেরই অনুগত লোকজন। এ প্রতিবাদ সভার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মানব পাচার, রোহিঙ্গা আশ্রয়দাতা ও ইয়াবার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।’
প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন জানান, হত্যার হুমকির বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন।