প্রথম আলোর সাংবাদিকের মোটরসাইকেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিজয় সরণি এলাকায় সামরিক জাদুঘরের সামনে থেকে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ ফটোসাংবাদিক খালেদ সরকারের মোটরসাইকেলটি চুরি হয়েছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা হয়েছে।
খালেদ সরকার বলেন, পেশাগত কাজের জন্য গত শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে সামরিক জাদুঘরের জ্যাজ অ্যান্ড ব্লুজ মিউজিক ফেস্টিভ্যালে যান তিনি। জাদুঘরের পার্কিং এলাকায় খালেদ সরকার তাঁর লাল রঙের ১২৫ সিসি হিরো গ্লামার মোটরসাইকেলটি (ঢাকা মেট্রো হ ১৪-৯৮০৪) রাখেন, যার মূল্য ১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা। মোটরসাইকেলটির সঙ্গে ১৬০০ টাকা দামের একটি লাল রঙের হেলমেটও ছিল। কাজ শেষে রাত সাড়ে ১১টার দিকে পার্কিং এলাকায় দেখেন, তাঁর মোটরসাইকেলটি নেই।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে। এর আগে গত ১০ এপ্রিল আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পার্কিং এলাকা থেকে প্রথম আলোর সহসম্পাদক মনজুর কাদেরের ২ লাখ ১৫ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল ২১-৩১৮০) চুরি হয়। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা করেন তিনি। দীর্ঘ সাত মাসেও মোটরসাইকেলটি উদ্ধার করতে পারেনি পুলিশ।