প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধিকে হত্যার হুমকি
সাতক্ষীরায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জিকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ডাকযোগে পাঠানো চিঠিটি গতকাল বুধবার কল্যাণ ব্যানার্জির কাছে পৌঁছায়। চিঠিতে প্রেরকের জায়গায় টিটু নামের এক ব্যক্তির
নাম লেখা রয়েছে। নিজের ঠিকানা তিনি লিখেছেন খুলনা। চিঠির খামে ডাক বিভাগের সিলটি অস্পষ্ট হওয়ায় বোঝা যাচ্ছে না, এটি কোথা থেকে পোস্ট করা হয়েছে। খামের মধ্যে এক টুকরো কাফনের কাপড় ও লাল কাপড় পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, ‘গুদাম-সংক্রান্ত ব্যাপারে আমাদের ভাইয়ের নামে রিপোর্ট করে তুই তোর জীবনের ঝুঁকি নিলি?’
২৩ জুন প্রথম আলোয় ‘সরকারি গুদামে ধান দিচ্ছেন ব্যবসায়ী ও ফড়িয়ারা!’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। এতে সাতক্ষীরা খাদ্যগুদামের বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরা হয়।
চিঠিতে দৈনিক মানবজমিন-এর জেলা প্রতিনিধি ইয়ারব হোসেনকে কল্যাণ ব্যানার্জির সোর্স উল্লেখ করে প্রেরক টিটু তাঁরও দুই হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছেন।