প্রথম আলো কার্যালয় থেকে দরপত্র ছিনতাই
রাজধানীর কারওয়ান বাজারে ‘প্রথম আলো’ কার্যালয় থেকে একদল দুর্বৃত্ত দরপত্র ছিনতাই করেছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। তেজগাঁও থানায় এ ঘটনায় মামলা হয়েছে।
‘প্রথম আলো’ কার্যালয়ে ব্যবহৃত কিছু পুরোনো মালামাল বিক্রির জন্য ১২ আগস্ট সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়া হয়। আজ ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। কারওয়ান বাজারে প্রথম আলো ভবনের নিচের তলায় দরপত্র বাক্স রাখা ছিল। বেলা একটার কিছু পরে ১০-১২ জন যুবক হঠাৎ এসে দরপত্র বাক্স ভেঙে ফেলেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই তাঁরা বাক্সের ভেতরে জমা পড়া দরপত্রগুলো ছিনিয়ে নিয়ে যান। এ সময় নিরাপত্তাকর্মীরা বাধা দিলে যুবকেরা তাঁদের ধাক্কা দিয়ে চলে যান।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তেজগাঁও থানার পুলিশ এসে প্রথম আলো কার্যালয়ে লাগানো সিসি ক্যামেরা থেকে ছিনতাইয়ের সময় ধারণ করা ভিডিও ফুটেজ নিয়ে যায়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম ‘প্রথম আলো’কে বলেন, যুবকদের শনাক্ত করার চেষ্টা চলছে।