প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মানহানির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও নারায়ণগঞ্জ প্রতিনিধি আসিফ হোসেনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা। মামলার আবেদনে প্রতিবেদনের মূল বিষয়ের কোনো প্রতিবাদ করেননি বাদী। গতকাল বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনোয়ারা বেগমের আদালতে তিনি বাদী হয়ে এই মামলা করেন।
খোকন সাহা সাংবাদিকদের বলেন, ‘৩ ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলো পত্রিকায় “আওয়ামী লীগ নেতারা চাইলেন বিএনপি নেতার জামিন” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই নিউজের শেষাংশে আমার ও অ্যাডভোকেট আনিসুর রহমান দীপুর উদ্ধৃতি দিয়ে বক্তব্য ছাপা হয়েছে। কিন্তু প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধির সঙ্গে গত এক বছরে আমার ও দীপুর দেখা ও মুঠোফোনে কোনো কথা হয়নি। এই মিথ্যা বক্তব্য প্রকাশের মাধ্যমে আমাদের মানহানি করা হয়েছে।’
বিকেলে দেওয়া আদেশে আদালত আগামী ৯ এপ্রিলের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন বলে খোকন সাহা সাংবাদিকদের জানিয়েছেন।