প্রথম আলোবাহী মাইক্রোবাসে আগুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে প্রথম আলো পত্রিকা বহনকারী একটি মাইক্রোবাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা মাইক্রোবাসের চালক ও তাঁর সহকারীকে মারধর করেছে। দুজনই আহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাস ও মাইক্রোবাসে থাকা চার হাজার পত্রিকা পুড়ে গেছে।
মাইক্রোবাসের চালক ইসমাইল হোসেনের তথ্যমতে, আজ সকালে নোয়াখালী শহরে পত্রিকা বিলি করে চট্টগ্রামে ফেরার পথে সেবারহাট বাজারে এ ঘটনা ঘটে। সাত-আটজনের একটি দল সড়কে গাছের গুঁড়ি ফেলে মাইক্রোবাসটি থামায়। তারা নয়া দিগন্ত পত্রিকা চায়। একপর্যায়ে তাঁকে (চালক) ও সহকারীকে মারধর করে মাইক্রোবাস থেকে নামায় দুর্বৃত্তরা। পরে তাদের কয়েকজন মাইক্রোবাসের কাচ ভেঙে ফেলে। এরপর পেট্রল ঢেলে মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার কিছু পরে ঘটনাস্থলে যায় সেনবাগ থানার পুলিশ। এ সময় দুর্বৃত্তরা পালিয়ে যায়।
চালক ইসমাইল হোসেনের ভাষ্য, আগুনে মাইক্রোবাসটি পুরোপুরি পুড়ে গেছে। দুর্বৃত্তদের হামলায় তিনি ও তাঁর সহকারী আবুল কাশেম আহত হয়েছেন।
সেনাবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, জামায়াত-শিবিরের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।