প্রথম আলোর আলোকচিত্রী সন্ত্রাসী হামলার শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো যশোর অফিসের আলোকচিত্রী এহসান-উদ-দৌলা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে যশোর শহরের রবীন্দ্রনাথ ঠাকুর (আরএন) সড়কে তিনি এ হামলার শিকার হন।
এ ব্যাপারে এহসান যশোর কোতোয়ালি মডেল থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, বেলা ১১টার দিকে আরএন সড়কের বিসমিল্লাহ সুপার মার্কেটের এক ব্যবসায়ীকে মারধর করার সংবাদ পেয়ে তিনি পেশাগত দায়িত্ব পালন করতে যান। হট্টগোলের ছবি তোলার জন্য ক্যামেরা বের করলে আরএন সড়কের বাসিন্দা মনিরুজ্জামান (৩৫) ও শান্তর নেতৃত্বে চার-পাঁচজন সন্ত্রাসী তাঁর ওপর হামলা করে। পাশের গলির ভেতরে নিয়ে অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও সাংবাদিকেরা ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় ওই সড়কের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে রাখেন। অন্তত তিন ঘণ্টা দোকানপাট বন্ধ ছিল।
এ ব্যাপারে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। অভিযোগটি মামলা হিসেবে গ্রহণের প্রক্রিয়া চলছে। হামলাকারীদের মধ্যে শান্ত অত্যন্ত খারাপ প্রকৃতির। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় তিন-চারটি মামলা রয়েছে।’ ওসি জানান, বিসমিল্লাহ সুপার মার্কেটে আলোকচিত্রী এহসানের ভগ্নিপতির একটি দোকান রয়েছে। মার্কেটের মালিক তাঁকে আর দোকান ভাড়া দিতে চান না। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। গতকাল মার্কেটের মালিকেরা ওই দোকানে তালা লাগিয়ে দেন। এহসান তখন ঘটনাস্থলে গেলে গোলমালের সৃষ্টি হয়।