প্রথম আলোর প্রতিবেদককে হেনস্তা

রামপুরার আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় পুলিশ ও আওয়ামী লীগ কর্মীরা প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক নাসরিন আকতারকে হেনস্তা করেছেন। এ সময় পুলিশের কয়েকজন নারী সদস্য নাসরিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন।
আজ সোমবার বেলা একটার সময় বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে ঘটনার সংবাদ সংগ্রহের কাজ করছিলেন নাসরিন। এ সময় পাঁচ–ছয়জন লোক এসে তাঁর কাছে জানতে চান, তিনি সেখানে কী করছেন। নাসরিন নিজেকে সংবাদকর্মী ও প্রতিষ্ঠানের নাম বললে ওই ব্যক্তিরা তাঁর কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেন। তাঁরা নাসরিনকে ধাক্কা দিয়ে ওই স্থান থেকে সরিয়ে দেন।
এ সময় পুলিশের সদস্যরা নাসরিনকে শিক্ষার্থী হিসেবে চিহ্নিত করে নারী পুলিশ ডেকে নিয়ে আসেন। পরিচয় দেওয়ার পরও পুলিশের একজন সহকারী কমিশনারের (এসি) নেতৃত্বে তাঁকে বাড্ডা পুলিশ ফাঁড়ির ভেতরে নেওয়া হয়। ফাঁড়ির ভেতরে নাসরিন আকতারকে হেনস্তা করেন পুলিশের নারী সদস্যরা। তাঁরা তাঁকে বলেন, ‘এখানে কী করতে আসছিস? চুরি করতে আসছিস?’ এরপর তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। পুলিশ সদস্যরা নাসরিনের ব্যাগ তল্লাশি করেন।
গালিগালাজ ও হেনস্তা করার ১৫ মিনিট পর নাসরিন আকতারকে ছেড়ে দেওয়া হয়। এ সময় বাইরে দাঁড়িয়ে থাকা এক পুলিশ কনস্টেবল নাসরিনের মুঠোফোনটিও ফেরত দেন।
এ বিষয়ে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
এ সম্পর্কে জানতে চাইলে গুলশানের অতিরিক্ত পুলিশ কমিশনার (বাড্ডা) মনতাজুল আহসান হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, ‘ঝামেলায় আছি, একটু পরে ফোন দেন।’