প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি সন্ত্রাসী হামলায় আহত

সন্ত্রাসী হামলায় প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালা আহত হয়েছেন। গত সোমবার ১০টার দিকে জেলা শহরের প্রাণকেন্দ্র ইমামউদ্দিন স্কয়ারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রথম আলো বন্ধুসভা। এ ছাড়া ফরিদপুর প্রেসক্লাব জরুরি সভায় ঘটনার নিন্দা জানিয়ে ফরিদপুরের সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
পান্না বালা জানান, সোমবার রাতে তিনি কাজ শেষে বাসায় ফিরছিলেন। ইমামউদ্দিন স্কয়ারের পূর্ব পাশে পৌঁছামাত্র ১৮ থেকে ২৫ বছর বয়সী অজ্ঞাতনামা ছয়-সাতজন সন্ত্রাসী অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়। ‘তুই খুব বেড়ে গিয়েছিস’ বলে সন্ত্রাসীরা তাঁকে লাঠি দিয়ে পেটাতে থাকে। একপর্যায়ে পান্না বালা রাস্তার ওপর পড়ে যান। পরে তিনি দৌড়ে পশ্চিম পাশের একটি খাবার হোটেলে আশ্রয় নিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সন্ত্রাসীদের হামলায় পান্না বালা বাঁ হাত, ডান পা এবং ডান কাঁধসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান। সন্ত্রাসীরা তাঁর গায়ের জামা ছিঁড়ে ফেলে এবং মুঠোফোন ও চশমাও ভেঙে ফেলে। তিনি ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
হাসপাতালের চিকিৎসক শাহীন মাহমুদ জানান, হামলায় পান্না বালার বাঁ হাত ও ডান পায়ের গোড়ালি জখম হয়েছে। পা, পিঠ, ডান কাঁধসহ শরীরের বিভিন্ন অংশে লাঠিজাতীয় শক্ত কোনো বস্তু দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে।
পান্না বালা ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীনুল হক ও পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামানকে মৌখিকভাবে ঘটনাটি জানিয়েছেন। ওসি মোহসীনুল হক বলেন, ঘটনাটি শোনার পরই পুলিশ ঘটনাস্থলসহ শহরের বিভিন্ন জায়গা তল্লাশি চালিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
হামলার প্রতিবাদে গতকাল বেলা ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে প্রথম আলো ফরিদপুর বন্ধুসভা। এ কর্মসূচিতে সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেয়। বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব বিপ্লব বালা, শিশুসংগঠক সিরাজুল আজম, বিএফএফের নির্বাহী পরিচালক আনম আবদুল হাদী, এসডিএসের নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হোসেন, সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদের পরিচালক কাজী সিরাজুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী বলায় দাস, বিনোদন নাট্যদলের সভাপতি তন্ময় সরকার, সিডিএলের সমন্বয়কারী কামরুল হাসান, প্রথম আলো বন্ধুসভার সভাপতি সুজিত কুমার দাস প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশে সংবাদপত্র এবং মতপ্রকাশের স্বাধীনতা ক্রমশই সীমিত হয়ে আসছে। সন্ত্রাসী ঘটনার কোনো বিচার না হওয়ায় একের পর এক সাংবাদিকের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটছে। অথচ বিচার হচ্ছে না।
ঘটনার প্রতিবাদে গত মঙ্গলবার রাতে ফরিদপুর প্রেসক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ রিপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক হাসান উজ্জামান, জুবায়ের জাকির, মসিউর রহমান, সালামত হোসেন খান, মাহবুবুর রহমান, হায়দার আলী, হারুন আনসারী প্রমুখ। বক্তারা এই সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানান। সভায় সিদ্ধান্ত হয় ফরিদপুরের সাংবাদিকদের নিরাপত্তা চেয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হবে। ওই সভাতেই আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।