চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনটি ছাত্রাবাসের বৈধ ছাত্রদের হলে তুলে দেওয়ার দাবিতে ডাকা অনির্দিষ্টিকালের ছাত্র ধর্মঘটের প্রথম দিন গতকাল রোববার বিক্ষোভ মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিবির এ ধর্মঘটের ডাক দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ২ নম্বর ফটক থেকে আন্দোলনের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলের সামনে এলে মিছিল থেকে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মুস্তাফিজুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের দাবিটি যৌক্তিক হওয়ায় আমরা তাদের প্রতি মৌন সমর্থন দিয়েছি। আন্দোলনটি একান্তই ভুক্তভোগী সাধারণ শিক্ষার্থীদের। এর সঙ্গে ছাত্রশিবিরের কোনো সম্পৃক্ততা নেই।’ বেশ কয়েকজন ছাত্রলীগ নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এটিকে শিবিরের আন্দোলন বলে অভিযোগ করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘ককটেল বিস্ফোরণের বিষয়টি আমি শুনেছি। আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবিদাওয়া প্রসঙ্গে আমাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। আমরা পত্রপত্রিকা থেকে বিষয়টি জেনেছি। আগামীকাল (আজ) থেকে বিশ্ববিদ্যালয়ে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা সতর্ক থাকব।’
গত শুক্রবার শাহ আমানত হলের আবাসিক ছাত্র আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাহ জালাল, শাহ আমানত ও সোহরাওয়ার্দী ছাত্রাবাসে আবাসিক ছাত্রদের তুলে দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। এদিকে, ছাত্রসেনার ডাকা হরতালের কারণে বেলা দুইটা পর্যন্ত শাটল ট্রেন ও শিক্ষক-বাস চলাচল করেনি। এ কারণে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।