প্রথম দিনেই জঙ্গিবাদ নিয়ে ৫০ অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হ্যালো সিটি’ অ্যাপ উদ্বোধনের পর গতকাল সোমবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ জঙ্গিবাদ-সম্পর্কিত ৫০টি অভিযোগ করেছেন। পুলিশের জঙ্গি ও আন্তদেশীয় অপরাধ দমন টিম রোববার অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করে। এ অ্যাপ ব্যবহার করে দেশে ও বিদেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ পুলিশকে অপরাধ-সংক্রান্ত তথ্য দিতে পারবেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘জনগণকে সম্পৃক্ত করার এ চেষ্টাকে সাধুবাদ জানাই। জনগণের দেওয়া তথ্য পুলিশ যথাযথভাবে ব্যবহার করতে পারলে অপরাধ দমন করা সহজ হবে। অ্যাপটি চালু করায় মানুষের তথ্য জানানোর একটা জায়গা হলো।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, রাত আটটা পর্যন্ত পুলিশ দেশের বিভিন্ন জায়গা থেকে ২০০টি বার্তা পেয়েছে। এর মধ্যে ৫০টিতে প্রতিবেশী, একই এলাকার বাসিন্দা বা পরিচিত কেউ জঙ্গি তৎপরতায় যুক্ত এমন সন্দেহ করে তথ্য দেওয়া হয়েছে। তবে মোট অভিযোগের ৪০ শতাংশই সাইবার অপরাধবিষয়ক। তথ্যদাতারা কীভাবে সমস্যার সম্মুখীন হয়েছেন, তা পুলিশকে জানিয়েছেন।

এ অ্যাপ ব্যবহার পুলিশের জঙ্গি ও আন্তদেশীয় অপরাধ দমন টিমকে জঙ্গিবাদ বা উগ্রবাদ, সাইবার ক্রাইম, বোমা, অস্ত্র, মাদক, আন্তদেশীয় অপরাধ, জালিয়াতি, পলাতক এবং পুলিশ সম্পর্কে জানানোর সুযোগ আছে। পুলিশ তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিয়েছে। যারা অ্যানড্রয়েড ফোন ব্যবহার করছেন, তাঁরা Google Playstore-এ গিয়ে Hello CT লিংক ও আন্তদেশীয় অপরাধ দমন টিম অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবে। শিগগিরই আইফোন ও উইন্ডোজ ব্যবহারকারীরা অ্যাপটি ডাউনলোডের সুযোগ পাবেন বলে জানিয়েছে পুলিশ।

যাঁরা এ অ্যাপ ব্যবহার করে তথ্য দিতে চান, তাঁরা নাম-পরিচয় প্রকাশ না করেও তথ্য দিতে পারেন। পরিচয় জানানো তাঁদের জন্য ঐচ্ছিক। তথ্যের পাশাপাশি অভিযোগকারী প্রয়োজনীয় ছবি ও ভিডিও দিতে পারবে।

গত রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে অ্যাপটির উদ্বোধন অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, অনেকের কাছে অনেক তথ্য থাকে। বিড়ম্বনায় পড়তে পারেন বা তথ্য দেওয়ার বিষয়টি সন্ত্রাসীরা জেনে গেলে, তাঁদের জীবন হুমকির মুখে পড়তে পারে, এই ভয়ে তাঁরা তথ্য দেওয়া থেকে বিরত থাকেন। এ কারণেই নতুন অ্যাপটি চালু করা হয়েছে। তথ্যদাতা নিজের পরিচয় গোপন রেখেই তথ্য দিতে পারেন।

পুরো প্রক্রিয়াটি সম্পর্কে বিস্তারিত জানতে dmpnews. org-তে যোগাযোগের অনুরোধ করেছে পুলিশ।