বাঘাইছড়ির দুর্গম এলাকায় গুলিবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়িতে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার বঙ্গলতলি ইউনিয়নে দুর্গম ডুলুবন্যা এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে এই গুলিবিনিময় হয়েছে বলে ওই এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে। দুই পক্ষে অন্তত ৫০০টি গুলিবিনিময় হয়।

তবে জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলার সাধারণ সম্পাদক ত্রিদিব চাকমা জানান, গুলিবিনিময়ের খবর তিনি শুনছেন। এর সঙ্গে তাঁর দলের কেউ জড়িত নয়।

অন্যদিকে ইউপিডিএফের বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিটের প্রধান জুয়েল চাকমা জানান, তাঁদের সংগঠন গণতন্ত্রে বিশ্বাসী। কোনো সশস্ত্র গ্রুপ তাঁদের নেই। বন্দুকযুদ্ধের খবর শুনলেও কোন দুই পক্ষের মধ্যে হয়েছে, তা জানেন না তিনি।

এ বিষয়ে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল হক বলেন, ‘ডুলুবন্যা এলাকায় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা শুনেছি। তবে এলাকাটি দুর্গম হওয়ায় হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।’

এদিকে বাঘাইছড়ি ইউনিয়নের লাল্যাঘোনা গ্রামে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে দুটি বন্দুক ও গুলি উদ্ধার করেছে।

খাগড়াছড়ি রিজিয়নের মেজর রোবায়াত জামিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে উগলছড়ি গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি বন্দুক ও গুলি উদ্ধার করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা অস্ত্র ও গুলি ফেলে পালিয়ে যায়।

গত বৃহস্পতিবার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের এগুজ্জেছড়ি এলাকায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ইউপিডিএফের সদস্য রমেশ চাকমা নিহত হন।