প্রথম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গত বুধবার সন্ধ্যার দিকে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় নয়ন হোসেন (১৭) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্কুলছাত্রীর বাবা প্রথম আলোকে বলেন, বুধবার সন্ধ্যার দিকে তাঁর মেয়ে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। সে সময় একই এলাকার নয়ন হোসেন তাকে ফুসলিয়ে খালের ধারে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে নয়ন পালিয়ে যায়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার তিনি কলারোয়া থানায় নয়নের নামে মামলা করেছেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম জানান, ধর্ষণে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মারুফ হোসেন বলেন, ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।