প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই বিচারকের দ্বিতীয় বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুর রব মিয়া পুত্রসন্তানের আশায় প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেছেন। এসএসসির নিবন্ধন অনুযায়ী তাঁর দ্বিতীয় স্ত্রীর বয়স ১৬ বছর।
এদিকে বিচারিক হাকিম গত সোমবার রাতে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে চরফ্যাশনের ডাকবাংলোয় যান। রাতে তাঁদের অবরুদ্ধ করে রাখেন স্থানীয় জনতা। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার গতকাল মঙ্গলবার বেলা ১১টায় তাঁদের নিরাপদে পৌঁছে দেন।
জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান ও চরফ্যাশন থানার ওসির ভাষ্যমতে, প্রশাসনিক বিভাগ থেকে প্রেষণে চরফ্যাশন আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের দায়িত্ব পাওয়া ‘আবদুর রব এক তরুণীকে নিয়ে উপজেলা ডাকবাংলোর ভেতরে রাত্রিযাপন করছেন’—এমন খবর শুনতে পেয়ে এলাকাবাসী ডাকবাংলোর সামনে জড়ো হন। তাঁরা কিছুক্ষণ পর পর চিৎকার করতে থাকেন। যেকোনো মুহূতে হামলার আশঙ্কায় বিষয়টি জেলা জজকে জানানো হয়। জেলা জজের নির্দেশ ও জনগণের রোশানল থেকে রক্ষা করতে সোমবার দিবাগত রাত দুইটার দিকে ডাকবাংলোর ভেতরে পুলিশি পাহারা বসানো হয়। মেয়েটি জ্যেষ্ঠ বিচারিক হাকিমের দ্বিতীয় পক্ষের স্ত্রী নিশ্চিত হয়ে গতকাল পুলিশি পাহারায় তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।
জ্যেষ্ঠ বিচারিক হাকিমের প্রথম স্ত্রী সানজিদা পলাশ বলেন, ‘আমি আমার স্বামীকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিইনি। তবু তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। এ বিষয়ে জেলা জজের কাছে অভিযোগ দিয়েছি।’
জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুর রব গতকাল একাধিক সাংবাদিককে বলেন, তাঁর প্রথম স্ত্রীর ঘরে তিনটি মেয়ে আছে। ওই স্ত্রী আর সন্তান ধারণ করতে পারবেন না, এ জন্য একটি পুত্রের আশায় তিনি আবার বিয়ে করেছেন। এ জন্য প্রথম স্ত্রীর অনুমতি নিয়েছেন কি না জানতে চাইলে হাকিম বলেন, ‘অনুমতি চেয়েছি, কিন্তু পাইনি।’