প্রথমে ক্ষুর দিয়ে আঘাত, এবার অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সাত মাস আগে এক তরুণ বাসায় ঢুকে তাঁকে ক্ষুর দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।
গতকাল সোমবার সকাল নয়টার দিকে ময়মনসিংহের নান্দাইল-আঠারবাড়ি সড়কের চামারুল্লা এলাকার একটি স্থানে ছাত্রীকে অপহরণ করা হয়। পরিবারের লোকজন জানায়, আহত ছাত্রী দুই মাস চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে আবার পড়ালেখা শুরু করে। অপহরণের সময় সে প্রাইভেট পড়তে যাচ্ছিল।
ছাত্রীর বাবা বলেন, তাঁর মেয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার একটি উচ্চবিদ্যালয়ে পড়ে। বিদ্যালয়ে যাওয়ার পথে তাকে উপজেলার বেহেত্তরি গ্রামের বাদল মিয়া (৩২) উত্ত্যক্ত করতেন। গত বছরের ২৫ মে বাড়িতে ঢুকে বাদল ক্ষুর দিয়ে পোঁচ মেরে তাঁর মেয়েকে আহত করেন। এ ঘটনায় নান্দাইল মডেল থানায় বাদল ও তাঁর কয়েকজন সহযোগীদের বিরুদ্ধে মামলা করা হয়। তদন্ত শেষে মামলাটির অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়। আজ মামলাটির শুনানির দিন ধার্য করা হয়েছিল।
ছাত্রীর বাবা আরও বলেন, গত রোববার রাতে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে তাঁর কাছে আপসের প্রস্তাব পাঠানো হয়। কিন্তু তিনি ওই প্রস্তাবে রাজি হননি। তাঁর ধারণা, আপসের প্রস্তাব না মানায় ক্ষুব্ধ হয়ে বখাটের পরিবারের লোকজন তাঁর মেয়েকে অপহরণ করতে পারে। এ বিষয়ে বক্তব্য জানতে বাদলের বাড়িতে গেলে তাঁদের বাড়িতে তালা ঝুলতে দেখা যায়।
ছাত্রীর মামাতো বোন বলেন, সকাল পৌনে ১০টায় একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। তিনি ফোন ধরে বোনের কান্না শুনতে পান।